Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ভুয়ো ওয়েবসাইট খুলে ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটে দেড় কোটি টাকার প্রতারণা, ধৃত গুজরাতের যুবক

ক্রিপ্টোকারেন্সি—এক ধরনের ডিজিটাল মুদ্রা। একটি ভুয়ো ওয়েবসাইটের মাধ্যমে ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটে বিনিয়োগ করে দেড় কোটি টাকা প্রতারণার শিকার হন এক ব্যক্তি।

ভুয়ো ওয়েবসাইট খুলে ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটে দেড় কোটি টাকার প্রতারণা, ধৃত গুজরাতের যুবক
  • ১৪ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ক্রিপ্টোকারেন্সি—এক ধরনের ডিজিটাল মুদ্রা। একটি ভুয়ো ওয়েবসাইটের মাধ্যমে ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটে বিনিয়োগ করে দেড় কোটি টাকা প্রতারণার শিকার হন এক ব্যক্তি। ওই ঘটনার তদন্তে নেমে গুজরাত থেকে এক যুবককে গ্রেপ্তার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিস। শনিবার অভিযুক্তকে গ্রেপ্তার করে গুজরাতের গান্ধীনগর আদালতে পেশ করা হয়েছিল। ট্রানজিট রিমান্ডে তাকে বিধাননগরে আনা হচ্ছে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম হর্ষিক মুকেশভাই প্যাটেল। বয়স ২৬ বছর। আমেদাবাদের চন্দখেদা থানার জামতানগরে তার বাড়ি। এই চক্রের সঙ্গে যুক্ত বাকিদের খোঁজ চলছে।

Advertisement

পুলিস জানিয়েছে, অতিরিক্ত মুনাফা লাভের টোপ দিয়ে প্রতারকরা ওই ব্যক্তিকে ফাঁদে ফেলেছিল। একটি ভুয়ো ওয়েবসাইটের মাধ্যমে তাঁকে ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট খুলতে বলা হয়। তা খোলার পর সেখানে বিনিয়োগ করতে বলে প্রতারকরা। বেশি মুনাফার লোভে ওই ব্যক্তি বেশ কয়েক দফায় মোট ১ কোটি ৫৩ লক্ষ টাকা বিনিয়োগ করে ফেলেন। যেহেতু, বিনিয়োগ করা মাধ্যমটি ভুয়ো ছিল, তাই টাকার নিয়ন্ত্রণ প্রতারকদের হাতে চলে যায়। পরে ওই ব্যক্তি বুঝতে পারেন, তিনি প্রতারণার শিকার হয়েছেন। তারপরই তিনি বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন। সাইবার বিশেষজ্ঞদের কথায়, অফিসিয়াল ওয়েবসাইট বা নির্ভরযোগ্য উৎস থেকেই ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট ডাউনলোড করা দরকার। কোনও অপরিচিত ব্যক্তির কাছ থেকে লিঙ্ক বা ই-মেল মারফত কোনও ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করবেন না। না-হলে বিপদে পড়তে হতে পারে। তদন্তে পুলিস জানতে পারে, গুজরাতে ধৃতের অ্যাকাউন্টে প্রতারণার ২ লক্ষ টাকা জমা পড়েছে। টাকাটি জমা পড়ার পরই এটিএম কার্ড দিয়ে সে তা তুলেও নিয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ