Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

দুরন্ত ফর্মে গুজরাত, টক্কর দিতে তৈরি হায়দরাবাদও

প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স ও লখনউ সুপার জায়ান্ট। এখন আইপিএল দাঁড়িয়েছে আট দলের।

দুরন্ত ফর্মে গুজরাত, টক্কর দিতে তৈরি হায়দরাবাদও
  • ১২ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

আমেদাবাদ: প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স ও লখনউ সুপার জায়ান্ট। এখন আইপিএল দাঁড়িয়েছে আট দলের। জমে উঠেছে প্লে-অফের লড়াইও। মোটমিুটি ১৬ পয়েন্ট পেলে প্লে-অফে টিকিট পাওয়ার আশা অনেকটাই বাড়বে। সেই লক্ষ্যেই মঙ্গলবার মুখোমুখি গুজরাত টাইটান্স ও সানরাইজার্স হায়দরাবাদ। ১১টি ম্যাচ খেলে দুই দলের ঝুলিতে ১৪ পয়েন্ট। জিতলে হবে ১৬। সেক্ষেত্রে শুধু প্লে-অফে জায়গা পাওয়া নয়, প্রথম দু’টি স্থানের মধ্যে থেকে সরাসরি ফাইনালে ওঠার সুযোগ মিলতে পারে। সানরাইজার্সের ব্যাটিং খুবই শক্তিশালী। ট্রাভিস হেড, অভিষেক শর্মা শুরুতেই ঝড় তোলেন। তাঁদের মধ্যে কেউ ব্যর্থ হলে সামলে নেবেন ঈশান কিষান। এছাড়া হেনরিখ ক্লাসেনের মতো মারকুটে ব্যাটার পরীক্ষায় ফেলবে গুজরাতের বোলারদের। নীতীশ রেড্ডিও ছন্দে আছেন। বোলিংয়ে হায়দরাবাদের বড় ভরসা প্যাট কামিন্স। 

Advertisement

অন্যদিকে, ঘরের মাঠে বিপুল দর্শক সমর্থনকে কাজে লাগিয়ে গিলরা চাইবেন প্লে-অফের টিকিট কার্যত পাকা করে ফেলতে। সেক্ষেত্রে বাঁ হাতি ওপেনার সাই সুদর্শনের ভূমিকা হবে খুবই গুরুত্বপূর্ণ। তিনি রানে ফেরার পরই গুজরাত দুরন্ত ফর্মে। সঙ্গে গিল সেট হয়ে গেলে হায়দরাবাদের বোলারদের কপালে দুঃখ রয়েছে। এমনিতে টানা চার ম্যাচ জেতায় মনোবল তুঙ্গে গুজরাতের ক্রিকেটারদের। জস বাটলার, ওয়াশিংটন সুন্দরও মিডল অর্ডারে ভরসা জোগাচ্ছেন দলকে। অলরাউন্ডার জেসন হোল্ডারের পারফরম্যান্সও প্রশংসার যোগ্য।
বোলিংয়ে গুজরাতের বড় ভরসা স্পিনার রশিদ খান। একই সঙ্গে পেস আক্রমণে মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, কাগিসো রাবাডা এবং হোল্ডারদের পারফরম্যান্সও ফারাক গড়ে দিতে পারে।

Advertisement
সম্পর্কিত সংবাদ