সোমনাথ শ্যামের  বাড়িতে জিএসটি অফিসারদের হানা
  • ৩০ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: জগদ্দলের প্রাক্তন তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের বাড়িতে স্টেট জিএসটি অফিসাররা হানা দিলেন। তাঁর কারখানার জিএসটি বকেয়া রয়েছে। সেই কারণে স্টেট জিএসটি অফিসাররা প্রাক্তন বিধায়কের নৈহাটির বাড়িতে বুধবার রাতে হানা দিয়েছিলেন। ব্যাংকে নথিপত্র সহ কারখানার সমস্ত কাগজপত্র খতিয়ে দেখেছেন তাঁরা। কয়েক ঘণ্টা নৈহাটির বাড়িতে ছিলেন সাতজন অফিসার। বাড়িতে অবশ্য সোমনাথ বা তাঁর স্ত্রী সঙ্গীতা ছিলেন না। ছিল তাঁদের দুই ছেলে। 

Advertisement

ভোটের ফলাফলের পর থেকেই বেপাত্তা শ্যাম পরিবার। তাঁর ভাই সঞ্জয় শ্যামও এলাকায় নেই। দুই ভাইয়ের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়েছে। এমনকি ভাটপাড়া পুরসভার পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। ওই পুরসভার চেয়ারপার্সন ছিলেন সোমনাথ শ্যামের মা রেবা রাহা। তাঁর আমলে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। রাস্তা তৈরি না করে ঠিকাদাররা পয়সা পেয়েছে বলে এই অভিযোগ বিজেপির পক্ষ থেকে করা হয়েছে। প্রাক্তন চেয়ারম্যান পরিষদের সদস্য হিমাংশু সরকারের নেতৃত্বে তদন্তকারী টিম সমস্ত অভিযোগ খতিয়ে দেখছে।