নয়াদিল্লি: ফের বাড়ল দেশের জিএসটি (গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স) খাতে সংগ্রহ। গত জুলাই মাসে এর পরিমাণ ছিল ২ লক্ষ ১১ হাজার কোটি টাকা। গত বছর জুলাই মাসে জিএসটি বাবদ প্রাপ্ত রাজস্ব ছিল ১ লক্ষ ৮৩ হাজার কোটি টাকা। অর্থাৎ বার্ষিক ভিত্তিতে বৃদ্ধির হার ১৫.৪ শতাংশ। গত ১৪ মাসে এই হার সর্বোচ্চ। মূলত আমদানি পণ্য থেকে আয় থেকেই এই বৃদ্ধি ঘটেছে। চলতি আর্থিক বছরে এই নিয়ে টানা তিনবার জিএসটি সংগ্রহ ২ লক্ষ কোটি টাকা ছাড়াল। বাংলার জিএসটি আদায়ের হার ২ শতাংশ বেড়ে হয়েছে ৫ হাজার ৫৬৪ কোটি টাকা। জুন মাসের তুলনায় এই বৃদ্ধির হার ৯.৫ শতাংশ।
শুক্রবার অর্থমন্ত্রক জানিয়েছে, ঘরোয়া লেনদেন থেকে জিএসটি আদায় ১০.১ শতাংশ বেড়ে হয়েছে ১ লক্ষ ৪৫ হাজার কোটি। অন্যদিকে আমদানি থেকে আয় বেড়েছে ২৮.৮ শতাংশ। এই খাতে আয় বেড়েছে ৬৬ হাজার ৫১১ কোটি টাকা। পাশাপাশি টাকার দাম পড়ে যাওয়ায় জ্বালানি ও অন্যান্য আমদানিতে শুল্কের পরিমাণ বেড়েছে। রিফান্ড দেওয়ার পর জুলাই মাসে মোট জিএসটি সংগ্রহ দাঁড়িয়েছে ১লক্ষ ৮১ হাজার কোটি টাকা। রাজ্যওয়ারি হিসাবে হরিয়ানায় জিএসটি সংগ্রহের পরিমাণ বেড়েছে ২৮ শতাংশ। এরপরেই রয়েছে গুজরাত (২৬ শতাংশ) ও কর্ণাটক (২৩ শতাংশ)। ছত্তিশগড় জিএসটি সংগ্রহ ২৩ শতাংশ কমেছে। ঝাড়খণ্ডে ২০ ও দিল্লিতে ৮ শতাংশ কমেছে।