সংবাদদাতা, বনগাঁ: সম্প্রতি রাজ্যের একাধিক সাংগঠনিক জেলায় বিজেপির মণ্ডল সভাপতি পদে রদবদল করা হয়েছে। কিন্তু বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপিতে এখনও রদবদল আনেনি দল। এ নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। বিজেপির একটি সূত্রের দাবি, বনগাঁ সাংগঠনিক জেলায় বিধায়করা উচ্চ নেতৃত্বকে নানা বিষয়ে অভিযোগ জানিয়েছেন। সেই কারণে বনগাঁয় মণ্ডল সভাপতি পদে রদবদল স্থগিত আছে। যদিও এই বিষয়ে বিজেপি উচ্চ নেতৃত্বের কোনও প্রতিক্রিয়া মেলেনি। সোমবার বিজেপি অফিসে দলের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর, সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মণ্ডল এবং বিজেপির অন্য নেতারা। এদিন জেলার কোনও বিধায়কই ওই বৈঠকে ছিলেন না।
Advertisement
দলীয় বিধায়কদের দাবি, সাংগঠনিক কাজে তাঁদের মতামতকে গুরুত্ব দেওয়া হয় না। বিষয়টি দলের উচ্চ নেতৃত্বকে জানানো হয়েছে। এদিন প্রশ্ন করা হলে সাংসদ শান্তনু ঠাকুর বলেন, ‘সংগঠন নয়, বিধায়কদের উচিত তাঁদের বিধানসভা এলাকায় নজর দেওয়া। তাঁদের জিততে হবে। এগুলো করে জেতার ক্ষেত্রে পিছিয়ে পড়ছেন তাঁরা।’ অন্যদিকে বিধায়কদের দাবি, নির্বাচনে জিততে শক্ত সংগঠন থাকা জরুরি। শক্তি প্রমুখ, বুথ সভাপতি, মণ্ডল সভাপতি—এঁরাই ভোটে দলকে জেতানোর কাজটা করেন। ফলে সংগঠন ভালো না-হলে কোনওভাবেই জয়লাভ সম্ভব নয়। এই বিষয়ে হরিণঘাটার বিধায়ক অসীম সরকার বলেন, ‘সাংসদ একদম ঠিক কথাই বলেছেন। বিধায়কদের নিজ নিজ এলাকায় নজর দেওয়া উচিত।’



