নিজস্ব প্রতিনিধি, বরানগর: আবাসনের মধ্যে সরস্বতী পুজো হচ্ছে। তারইমাঝে রাস্তায় গাড়ি পার্কিং। সেই গাড়ি রাখা নিয়ে বচসার জেরে দুই আবাসিকের মধ্যে হাতাহাতি শুরু হয়। ধারালো চাবির রিং দিয়ে এক আবাসিক আক্রমণ করেন অপরজনকে। গুরুতর জখম ওই আবাসিকের থুতনি থেকে গলা পর্যন্ত অংশে গভীর ক্ষত তৈরি হয়েছে। গুরুতর জখম ওই আবাসিককে স্থানীয় নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে তাঁর জখম অংশে ২৫টি সেলাই পড়েছে। সোমবার বিকেলের এই ঘটনায় অভিযুক্ত আবাসিক তপন সরকারকে নাগেরবাজার থানার পুলিস গ্রেপ্তার করেছে। তিনি অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। অন্যদিকে, আক্রান্ত আবাসিক বারাকপুর মহকুমা আদালতের আইনজীবী তথা বিজেপির লিগ্যাল সেলের নেতা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃত তপন সরকার দক্ষিণ দমদমের হনুমান মন্দির লাগোয়া আবাসনের বাসিন্দা। আবাসনের বাসিন্দাদের সঙ্গে তিনি মাঝে মধ্যেই তর্ক-বিতর্কে জড়ান। সিপিএম কর্মী হিসেবে পরিচিত। আক্রান্ত আইনজীবী দেবসুন্দর দরিফা ওই আবাসনের বাসিন্দা। তপনবাবু আগেও দেবসুন্দরবাবুর উপর হামলা চালিয়েছিলেন বলে অভিযোগ। সোমবার আবাসনের রাস্তার উপর নিজের চার চাকা গাড়ি পার্ক করে রেখেছিলেন তপনবাবু। আবাসিকরা তাঁকে ওই গাড়ি সরিয়ে রাখতে বলেছিলেন। দেবসুন্দরবাবু তাঁকে একাধিকবার ওই কথা বলেন। তা নিয়ে বচসা থেকে হাতাহাতি।



