Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পরীক্ষার মাঝে শৌচাগারে পড়ুয়ার সঙ্গে, সরানো হল গ্রুপ ডি কর্মীকে

পরীক্ষার মাঝে শৌচাগারে পড়ুয়ার সঙ্গে, সরানো হল গ্রুপ ডি কর্মীকে
  • ২৪ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: মাস দু’য়েক আগে কোচবিহার মেডিক্যাল কলেজের পরীক্ষায় হবু ডাক্তাদের নকল করা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল। পরীক্ষার্থীর খাতা বদল, খাতা বাতিল, শৌচাগার ভাঙচুর, ভিডিও প্রকাশ্যে আসা প্রভৃতি নিয়ে ব্যাপক শোরগোল পড়েছিল। এবার এমবিবিএসের চূড়ান্ত বর্ষের পরীক্ষার সময় নকলে সহায়তা করার চেষ্টা করেছেন, এই সন্দেহে চুক্তিভিত্তিক এক গ্রুপ ডি কর্মীকে কাজ থেকে সাময়িকভাবে সরিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট এজেন্সিকে নির্দেশ দিয়েছে মেডিক্যাল কর্তৃপক্ষ। যা জানাজানি হতেই শোরগোল পড়েছে। 

Advertisement

গত ১৯ মার্চ চূড়ান্ত বর্ষের লিখিত পরীক্ষা শেষ হয়েছে। সেই দিন ওই কর্মী পরীক্ষা হল সংলগ্ন শৌচাগারে মোবাইল নিয়ে ঢুকেছিলেন। আর সেই সময় এক পরীক্ষার্থীও সেখানে যান। এতেই কর্তৃপক্ষ বিষয়টি সন্দেহের নজরে দেখে এমন সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই কলেজের অন্দরে চর্চা শুরু হয়েছে। তবে এবারের পরীক্ষায় আগের পরীক্ষার মতো তেমন কোনও ঘটনা ঘটেনি বলে কলেজ সূত্রে জানা গিয়েছে। শান্তিপূর্ণ ও নিয়মমাফিক পরীক্ষা সম্পন্ন হওয়ায় কলেজের প্রিন্সিপাল ডাঃ নির্মলকুমার মণ্ডল স্বস্তি প্রকাশ করেছেন। এমবিবিএসের চূড়ান্ত বর্ষের লিখিত পরীক্ষা শেষ হয়েছে। এবার ১ এপ্রিল থেকে প্র্যাক্টিকাল পরীক্ষা শুরু হবে। 
কোচবিহারের মহারাজা জিতেন্দ্রনারায়ণ মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল নির্মল মণ্ডল বলেন, এমবিবিএসের চূড়ান্ত বর্ষের পরীক্ষার শেষদিন এক গ্রুপ ডি কর্মী বাথরুমে ফোন নিয়ে ঢুকেছিলেন। সেখানে তখন এক পরীক্ষার্থীও ছিল।  তাই ওই কর্মীর আচরণ আমাদের সন্দেহজনক মনে হয়েছে। সেকারণে ওই কর্মী যে এজেন্সি দ্বারা নিযুক্ত, তাদের বলা হয়েছে সংশ্লিষ্ট কর্মীকে সাময়িকভাবে সরিয়ে দিতে। বিক্ষিপ্ত এই ঘটনাটি বাদ দিয়ে এমবিবিএসের চূড়ান্ত বর্ষের পরীক্ষা এখানে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। 
এমজেএন মেডিক্যাল কলেজ হাসপাতাল গত কয়েকমাসে বিভিন্ন কারণে সংবাদের শিরোনামে উঠে এসেছে। হবু ডাক্তাদের পরীক্ষায় নকলের অভিযোগের পাশাপাশি কলেজ হস্টেল থেকে এক ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল। কলেজের প্রিন্সিপালকে ঘিরে বিক্ষোভ, তাঁর পদত্যাগ চেয়ে একাংশ পড়ুয়ার অবস্থান আন্দোলন ইত্যাদি বিভিন্ন সময়ে হয়েছে। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালের রোগী কল্যাণ সমিতির জনপ্রতিনিধি অভিজিৎ দে ভৌমিকেও হস্তক্ষেপ করতে হয়েছে। যদিও পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হয়। 
এসব পরিস্থিতি সামলে ওঠার পর সম্প্রতি এমবিবিএসের চূড়ান্ত বর্ষের পরীক্ষা শুরু হয়। এটাই এই মেডিক্যাল কলেজের এমবিবিএসের প্রথম চূড়ান্ত বর্ষের পরীক্ষা হল। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হলেও নকলে সহায়তা করা হয়েছে, এমন সন্দেহে এক গ্রুপ ডি কর্মীকে সাময়িকভাবে কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ