সংবাদদাতা, উলুবেড়িয়া: যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে হাওড়া গ্রামীণ জেলার পরিবহণ ব্যবস্থাকে সাজানোর উদ্যোগ নিল হাওড়া জেলা প্রশাসন ও জেলা পরিবহণ দপ্তর। সূত্রের খবর, বন্ধ হয়ে যাওয়া বাস রুট চালু করার পাশাপাশি নতুন রুটও চালু করার পরিকল্পনা করা হয়েছে। শুধু তাই নয়, এরজন্য শতাধিক বাস নামানোরও উদ্যোগ নেওয়া হয়েছে। খুব শীঘ্রই এই পরিকল্পনা রূপায়ণ করা হবে।
Advertisement
রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা হল হাওড়া। জেলায় জনসংখ্যা বৃদ্ধি পেলেও বাস যোগাযোগ অনেক কমে গিয়েছে। সেই জায়গা দখল করেছে টোটো, অটো ও ছোট গাড়ি। বাসের সংখ্যা কমে যাওয়ার কারণে সাধারণ মানুষকে ছোট গাড়ির উপরই নির্ভর করতে হচ্ছে। যার কারণে যাত্রী স্বাচ্ছন্দ্য এবং যাত্রী সুরক্ষা দুটোই কমেছে। অনেকেরে দাবি, এর জেরে দুর্ঘটনার সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। আর সেক্ষেত্রে বাস রুট চালু হলে যাত্রী সুরক্ষা ও স্বাচ্ছন্দ্য দুটোই গুরুত্ব পাবে। হাওড়া জেলা প্রশাসন সূত্রে খবর, বন্ধ হয়ে যাওয়া গাদিয়াড়া-তারকেশ্বর এবং গাদিয়াড়া-উলুবেড়িয়া রুট চালু করা হচ্ছে। পাশাপাশি নতুন রুট হিসেবে গাদিয়াড়া থেকে কুলিয়া এবং গাদিয়াড়া থেকে বাগনান ভায়া উলুবেড়িয়া রুট চালু করা হচ্ছে। সূত্রের খবর, প্রাথমিকভাবে গাদিয়াড়া থেকে কুলিয়া রুটে ২৫টি এবং গাদিয়াড়া থেকে বাগনান ভায়া উলুবেড়িয়া রুটে ১৫টি বাস চালানোর পরিকল্পনা আছে। অন্যদিকে, পুরনো রুট হিসেবে গাদিয়াড়া-তারকেশ্বর রুটে ৬টি বাস এবং গাদিয়াড়া-উলুবেড়িয়া রুটে ১৫টি বাস চালু করা হচ্ছে। উভয় রুটে প্রয়োজন হলে আরও বাস চালু করা হবে। যদিও অটো টোটোর দৌরাত্ম্য না কমিয়ে বাস চালিয়ে কতটা লাভ হবে সেটা নিয়েও প্রশ্ন তুলেছেন এক শ্রেণির বাস মালিক।



