নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলা নববর্ষে রাজ্যবাসীকে নতুন পরিষেবা উপহার দিতে তোড়জোড় শুরু করে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আগামী এপ্রিল থেকে বাংলা সহায়তা কেন্দ্রগুলি (বিএসকে) থেকে পঞ্চায়েত এলাকার বিল্ডিং প্ল্যানের আবেদন থেকে শুরু করে সম্পত্তি কর জমা দেওয়ার মতো জরুরি পরিষেবা চালু করার পদক্ষেপ নিল নবান্ন।
Advertisement
রাজ্যে বর্তমানে সাড়ে তিন হাজারের বেশি বিএসকে রয়েছে। ফলে প্রত্যেক গ্রাম পঞ্চায়েতের মানুষ তাঁদের বাড়ির অদুরেই বিএসকেতে গিয়ে বিনামূল্যে একাধিক অনলাইন পরিষেবার সুবিধা পান। এবার এই বিএসকেগুলিতে গেলেই রাজ্যের গ্রামীণ এলাকার বাসিন্দারা সম্পত্তি কর জমা দিতে পারবেন। তার সঙ্গে বিল্ডিং প্ল্যানের আবেদন জমা দেওয়ার ব্যবস্থা চালু করার তোড়জোড় শুরু করা হয়েছে। পর্যটনকে উৎসাহ দিতে পঞ্চায়েত দপ্তরের অধীনে থাকা একাধিক বাড়ির বুকিং দেওয়া চালু হয়েছে। এই সুবিধাও বিএসকেগুলি থেকে পাওয়া যাবে। এবিষয়ে প্রাথমিক আলোচনা হয়ে গিয়েছে। প্রশাসনিক সূত্রে খবর, সব ঠিক থাকলে মার্চের মধ্যেই সমস্ত কাজ শেষ হবে। ফলে বাংলা নববর্ষের আগে রাজ্যবাসীকে এই পরিষেবা উপহার দেওয়া সম্ভব হবে বলে প্রশাসনিক কর্তারা মনে করছেন।
প্রসঙ্গত, এর আগে বিএসকেগুলিতে রাজ্যের ১১৫টি পুরসভার অধীন থাকা এলাকার সম্পত্তি কর নেওয়ার সুবিধা চালু হয়েছে। যার জেরে সম্পত্তি কর দেওয়ার প্রবণতা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এই উদাহরণ সামনে রেখে পঞ্চায়েত এলাকাতেও সম্পত্তি কর জমার হার বাড়তে পারে।