শিলং: গির্জার ভিতর ঢুকে ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়ায় ঘটনা ঘটল মেঘালয়ে। এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিস। বৃহস্পতিবার মাওলিননং গ্রামের একটি গির্জায় ওই ঘটনা ঘটে। বুধবার ছিল ক্রিসমাস। তার ঠিক পরদিন আকাশ সাগর নামে এক ব্যক্তি গির্জায় ঢুকে পড়ে। তারপর ঘুরে ঘুরে ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়ার পাশাপাশি সেই ভিডিও তুলে সমাজমাধ্যমে পোস্ট করে। সেই ভিডিও ছড়িয়ে পড়তেই খ্রিস্টান প্রধান মেঘালয়ে সমালোচনার ঝড় উঠেছে। ধর্মীয় বিশ্বাসে আঘাত দেওয়ার অভিযোগ ওঠে ওই ব্যক্তির বিরুদ্ধে। পরিস্থিতি এতোটাই ঘোরালো হয়ে ওঠে যে, মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমাকে হস্তক্ষেপ করতে হয়। এই ঘটনার তীব্র নিন্দা করে সাংমা বলেন, ‘অভিযুক্ত মেঘালয়ের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানকে বিঘ্নিত করেছে। তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ শুরু করেছে প্রশাসন। ইচ্ছাকৃতভাবেই এটা করা হয়েছে। ধর্মীয় বা সাম্প্রদায়িক বৈষম্য ঠেকাতে রাজ্য সরকার সবরকম ব্যবস্থা নেবে।’ তবে শুক্রবার পর্যন্ত আকাশকে গ্রেপ্তার করতে পারেনি পুলিস। পূর্ব খাসি পার্বত্য জেলার পুলিস সুপার সিলভাস্টার নংটাইনগার জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। তাকে ধরতে তল্লাশি জারি রয়েছে।’ ঘটনার নিন্দা করেছে মেঘালয়ের হিন্দুদের অন্যতম সংগঠন কেন্দ্রীয় পূজা কমিটি। মেঘালয় বিজেপির মুখপাত্র এম খারক্রাং বলেন, ‘এই ধরনের বুদ্ধিহীন কার্যকলাপ ঠেকাতে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’



