মুম্বই: মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেতা গোবিন্দা। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। জানা গিয়েছে, রাতে বাড়িতেই জ্ঞান হারান তিনি। তারপরই ভর্তি করা হয় মুম্বইয়ের এক হাসপাতালে। বুধবার সকালে অবশ্য তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, মঙ্গলবার রাতে অসুস্থ বোধ করছিলেন ৬১ বছরের অভিনেতা। অজ্ঞান হয়ে যান। তখন তাঁর চিকিৎসককে ফোন করা হয়। পরামর্শ অনুযায়ী ওষুধ দেওয়া হয়। তা সত্ত্বেও শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় রাত ১টা নাগাদ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। আইসিইউতে ভর্তি তিনি। গোবিন্দার সেক্রেটারি শশী সিনহা জানান, চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন গোবিন্দা। বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। রিপোর্ট এলে স্পষ্ট হবে, কী হয়েছে তাঁর। বুধবার ছাড়া পেয়ে গোবিন্দা জানান, পরিশ্রম বেশি হয়ে গিয়েছিল। তাই ফ্যাটিগ হয়ে গিয়েছিলাম।