লরিতে ভিন রাজ্যে আলু পাঠাতে সরকারি  ভরতুকি ১২ ডিসেম্বর পর্যন্ত, বিজ্ঞপ্তি জারি
  • ১৬ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: লরিতে করে ভিন রাজ্যে আলু পাঠানোর জন্য পরিবহণ ভরতুকি প্রদানের বিজ্ঞপ্তি জারি করেছে কৃষি বিপণন দপ্তর। প্রতি কুইন্টাল আলুর জন্য ৫০ টাকা করে দেওয়া হবে। আপাতত ১২ ডিসেম্বর পর্যন্ত এই সুবিধা পাওয়া যাবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি বর্ধমানে একটি সরকারি অনুষ্ঠানে এই ঘোষণা করেন। এবার তা কার্যকর হল। ১৫ সেপ্টেম্বর বিভাগীয় বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভিন রাজ্যে রেলের রেকে করে আলু পাঠালে প্রতি কুইন্টালে ১০০ টাকা করে পরিবহণ ভরতুকি দেওয়া হবে। যদিও তারপরেও রাজ্য থেকে রেকে ভরে আলু পাঠানো হয়নি। ব্যবসায়ী মহলের বক্তব্য ছিল, রেকে আলু পাঠানোর সমস্যা অনেক। তাই ভিন রাজ্যে আলু মূলত লরিতে চাপিয়ে পাঠানো হয়। 

Advertisement

বাম্পার ফলনের জন্য রাজ্যে এবার রেকর্ড পরিমাণ আলু হিমঘরে মজুত হয়েছিল। চাহিদার তুলনায় বেশি মজুত হওয়ার ফলে এখনো হিমঘরে ২৪-২৫ লক্ষ টন আলু মজুত রয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী, ৩০ নভেম্বর পর্যন্ত হিমঘরগুলি চালু থাকার কথা। চাষি ও আলু সংরক্ষণকারীরা ইতিমধ্যেই এই সময়সীমা ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধির দাবি জানিয়েছেন। অনেকদিন থেকে চাষি ও ব্যবসায়ী মহলের দাবি ছিল, ভিন রাজ্যে আলু পাঠাতে সরকারি ভরতুকি দেওয়া হোক। তাহলে আরও বেশি পরিমাণে আলু বাইরে পাঠানো যাবে। হিমঘরে বেশি পরিমাণে আলু মজুত থাকায় এবার দাম বেশি ওঠেনি। এই কারণে হিমঘরে আলু রেখে তাদের লোকসান হয়েছে বলে দাবি করা হয়েছে। এই বিষয়টি নিয়ে ব্যবসায়ী মহলের বক্তব্য, ওড়িশাসহ প্রতিবেশী রাজ্যগুলিতে লরিতে প্রতি কুইন্টাল আলু পাঠাতে ২৫০ টাকার বেশি খরচ হয়। এক্ষেত্রে সেই খরচের একটা অংশ পেলে কিছুটা সুবিধা হবে। অনলাইনে নথিভুক্ত করে কীভাবে ভরতুকি পাওয়া যাবে সেই ব্যাপারে সরকার নির্দেশিকা জারি করবে। ঠিকমতো আলু পাঠানো হচ্ছে কি না তার উপর থাকবে আধুনিক নজরদারি।