Bartaman Logo
১৭ সেপ্টেম্বর, ২০২৬

চাষই হয়নি, মুগডাল কিনেছে সরকার! মধ্যপ্রদেশে ১৩ লক্ষ টাকার দুর্নীতি প্রকাশ্যে

বিক্রি তো দূরের কথা। জমিতে মুগ ডালই চাষ করেননি কৃষকরা। কিন্তু ন্যূনতম সহায়ক মূল্যে সেই ডাল বিক্রির সরকারি নথিতে নাম রয়েছে তাঁদের।

চাষই হয়নি, মুগডাল কিনেছে সরকার! মধ্যপ্রদেশে ১৩ লক্ষ টাকার দুর্নীতি প্রকাশ্যে
  • ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ভোপাল: বিক্রি তো দূরের কথা। জমিতে মুগ ডালই চাষ করেননি কৃষকরা। কিন্তু ন্যূনতম সহায়ক মূল্যে সেই ডাল বিক্রির সরকারি নথিতে নাম রয়েছে তাঁদের। রীতিমতো চাষিদের তথ্য চুরি করে স্থানীয় বাজার থেকে সস্তায় কেনা মুগ ডাল অপেক্ষাকৃত চড়া দামে সরকারি কেন্দ্রে বিক্রি করা হয়েছে। এই লুটের পরিমাণ প্রায় ১৩ লক্ষ ৩০ হাজার টাকা। বিজেপি শাসিত মধ্যপ্রদেশের রাইসেন জেলায় এমন অভিনব দুর্নীতি সামনে আসতেই চক্ষু চড়কগাছ আর্থিক অপরাধ দমন শাখার আধিকারিকদের। তদন্তে নেমে জেলার তিনটি কো-অপারেটিভ সোসাইটির কম্পিউটার অপারেটরের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। বিষয়টি নিয়ে সরব হয়েছে কংগ্রেস সহ বিরোধী দলগুলি। তাঁদের বক্তব্য, দিনের পর দিন এভাবেই মানুষকে লুট করছে মোদি ও তাঁর নেতা-মন্ত্রীরা। অবিলম্বে কড়া ব্যবস্থা নেওয়া হোক।

Advertisement

জানা গিয়েছে অভিযুক্ত শ্রীরাম ঠাকুর, রঞ্জিত ঠাকুর ও গৌরব ঠাকুর স্থানীয় খোলা বাজার, ব্যবসায়ী ও বরেলি মান্ডি থেকে সস্তায় মুগ ডাল কিনেছেন। এক্ষেত্রে শ্রীরাম ঠাকুর স্থানীয় বাজার থেকে ৪ লক্ষ ৫৪ হাজার ৫৭২ টাকায় প্রায় ১৫১ কুইন্টাল মুগ ডাল কিনেছিলেন। পরে সরকারি বিক্রয় কেন্দ্রে তা ১৩ লক্ষ ১৫ হাজার ৫৩১ টাকায় বিক্রি করেছেন। দুর্নীতি করে তাঁর লাভের পরিমাণ প্রায় ৮ লক্ষ ৬০ হাজার ৯৫৯ টাকা। একইভাবে রঞ্জিত ঠাকুর ২ লক্ষ ৪০ হাজার ও গৌরব ঠাকুর ২ লক্ষ ৩৩ হাজার লুট করেছেন। আর এই জালিয়াতির গন্ধও পাননি প্রত্যন্ত এলাকায় থাকা চাষিরা।
মজার বিষয়, পরে কৃষকরা অভিযোগ জানানোর পর প্রাথমিকভাবে বিভাগীয় তদন্ত করা হয়েছিল। সেখানে দুর্নীতির বিষয়টি সামনে আসে। কিন্তু অজ্ঞাত কারণে পুলিশে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অভিযুক্তদের চাকরি থেকে বের করে দিয়ে পুরো বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। তা নিয়েই বিতর্ক তুঙ্গে।

Advertisement
সম্পর্কিত সংবাদ