সংবাদদাতা, বনগাঁ: পুলিশি অনুমতি না মেলায় বাতিল হল পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠের ডাকা নাগরিক কনভেনশন। বৃহস্পতিবার কনভেনশন হওয়ার কথা ছিল। এর বদলে শুক্রবার পুরসভার কর্মতীর্থ মাঠে সমর্থকদের নিয়ে আলোচনায় বসবেন তিনি। সেখানেই তাঁর সিদ্ধান্তের কথা জানাবেন বলে জানিয়েছেন গোপাল শেঠ। কয়েকদিন আগেই চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করতে গোপাল শেঠকে সাতদিনের সময়সীমা বেঁধে দিয়েছে দল। শনিবার শেষ হচ্ছে সেই সময়সীমা। তার আগে বৃহস্পতিবার বনগাঁ টাউনহল ময়দানে নাগরিক কনভেনশন ডেকেছিলেন তিনি। তবে এই কর্মসূচির জন্য পুলিশের অনুমতি না মেলায় কর্মসূচি বাতিল করেন চেয়ারম্যান।
গোপাল শেঠ বলেন, পুলিশের অনুমতি না পাওয়ায় কর্মসূচি বাতিল করা হয়েছে। পুলিশ জানিয়েছে ওখানে আগে থেকেই এসআইআর নিয়ে কর্মসূচি করার কথা রয়েছে তৃণমূলের। সেই কারণে এই অনুমতি দেওয়া যাচ্ছে না। তিনি আরও বলেন, বর্তমানে মানুষ এসআইআর নিয়ে আতঙ্কিত। ফলে দলের কর্মসূচি আমার কাছে বেশি গুরুত্বপুর্ণ। সেকারণে আমি ওই কর্মসূচি বাতিল করলাম। যদিও এই বিষয়ে তৃণমূল নেতৃত্ব মন্তব্য করতে চায়নি। তবে বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে দলেরই একাংশ। তাঁদের দাবি, লোক হবে না বুঝে কনভেনশন বাতিল করেছেন চেয়ারম্যান।
অন্যদিকে দলবিরোধী কাজের জন্য পুরসভার ৭ কাউন্সিলারকে শোকজ করলেন বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস। জানা গিয়েছে, দলের নির্দেশ অমান্য করে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ না করায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে কাউন্সিলারদের সঙ্গে আলোচনায় বসেন জেলা সভাপতি বিশ্বজিৎ দাস। সেখানে ১৭ জন তৃণমূল কাউন্সিলার উপস্থিত ছিলেন। সিদ্ধান্তে সকলেই সহমত হলেও ৭ জন কাউন্সিলার সম্মতি পত্রে সই করেননি। সেকারণেই তাঁদের শোকজ করা হয়েছে। এবিষয়ে জেলা সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, সাতজন কাউন্সিলার সিদ্ধান্তে সহমত হলেও তাঁরা সই করেননি। তাঁদের শোকজ করে কারণ দর্শাতে বলা হয়েছে।