Bartaman Logo
২৮ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

সামগ্রী অগ্নিমূল্য, তিনটি বাজারে যৌথ অভিযান পুলিশ-প্রশাসনের

নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর লাগামছাড়া দাম এবং কালোবাজারি রুখতে বৃহস্পতিবার হাওড়ার একাধিক বাজারে অভিযান চালাল হাওড়া সিটি পুলিশ।

সামগ্রী অগ্নিমূল্য, তিনটি বাজারে  যৌথ অভিযান পুলিশ-প্রশাসনের
  • ২৮ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর লাগামছাড়া দাম এবং কালোবাজারি রুখতে বৃহস্পতিবার হাওড়ার একাধিক বাজারে অভিযান চালাল হাওড়া সিটি পুলিশ। হাওড়া সিটি পুলিশের নেতৃত্বে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, খাদ্য সুরক্ষা দপ্তর, লিগ্যাল মেট্রোলজি সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা এদিন ডোমজুড় ও মাকড়দহ বাজার যৌথভাবে পরিদর্শন করেন। একইসঙ্গে বালি বাজারেও বালি থানা ও হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ কর্তারা অভিযান চালান।

Advertisement

বাজারে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম, ওজন ও পরিমাপ, খাদ্যসামগ্রীর গুণমান এবং কোনো অনিয়ম, অতিরিক্ত মূল্য আদায় বা অবৈধ মজুত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হয়। বালি বাজারে এদিন পেঁয়াজ ৬০ টাকা কেজি, চিনি ৭০ টাকা কেজি এবং বিভিন্ন কাঁচা সবজি ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রির অভিযোগ সামনে আসে। দাম বৃদ্ধির কারণ জানতে ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদ করেন পুলিশের কর্তারা। ডোমজুড়-মাকড়দহে অভিযানের সময় ক্রেতাদের সঙ্গেও কথা বলেন আধিকারিকরা। নির্ধারিত বা যুক্তিসঙ্গত দামে সামগ্রী মিলছে কি না, তা জানতে তাঁদের কাছ থেকে তথ্য নেওয়া হয়। পাশাপাশি দোকানে ব্যবহৃত দাঁড়িপাল্লা, ওজনের যন্ত্র ইত্যাদি পরীক্ষা করা হয়। পণ্যের মূল্য, ওজন, মজুত, প্যাকেজিং এবং খাদ্য নিরাপত্তা সংক্রান্ত বিধি মানা হচ্ছে কি না, তাও যাচাই করেন তাঁরা।
প্রাথমিকভাবে এটি সারপ্রাইজ ইনস্পেকশন হলেও, কোথাও নিয়ম সংশোধনের প্রয়োজন থাকলে ব্যবসায়ীদের সতর্ক করার পাশাপাশি প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে মজুতদারি হচ্ছে কি না, সেদিকেও নজর রয়েছে প্রশাসনের। আধিকারিকদের বক্তব্য, আগামী দিনেও ফের পরিদর্শন করা হবে এবং প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অভিযান লাগাতার চলবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ