সংবাদদাতা তারকেশ্বর: ধনেখালিতে বাড়ি থেকে সোনা চুরির ঘটনায় গ্রেপ্তার পরিচারিকার ছেলে। পুলিস সূত্রে জানা গিয়েছে, ভাণ্ডারহাটির বাসিন্দা আশোকা ঘটক ও স্বপন ঘটক ১২ আগস্ট বাড়ি থেকে সোনা চুরি যাওয়ার অভিযোগ দায়ের করেন ধনেখালি থানায়। অভিযোগে জানানো হয়, এক সপ্তাহ আগে বাড়ি থেকে কিছু সোনার অলঙ্কার চুরি গিয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে ধনেখালি থানার পুলিস। তারা জানতে পারে, ভাণ্ডারহাটি চারাবাগানের বাসিন্দা এই পরিবারের পরিচারিকার ছেলে ঘটনার সঙ্গে জড়িত। গ্রেপ্তার হয় বছর ৩৯-এর নিশান পাত্র। উদ্ধার হয় ৩৫ গ্রাম সোনা। অপর একটি ঘটনায় কপূরচাঁদ সিংহ নামে এক ব্যক্তিকে খড়দহ থানার সুখচর থেকে গ্রেপ্তার করে ধনেখালি থানার পুলিস। পুলিস সূত্রে জানা গিয়েছে, ১২ আগস্ট গুড়াপ থানার পলাশি গ্রামের বাসিন্দা শিশিরকুমার পাল ধনেখালি থানায় লিখিত অভিযোগে জানান, ধনেখালি সিনেমাতলায় তাঁর বাইক রাখা ছিল। বাইকের টুলবক্স থেকে নগদ অর্থ ও প্রয়োজনীয় নথি চুরি যায়। তদন্তে গ্রেপ্তার হয় অভিযুক্ত কপূরচাঁদ সিংহ। উদ্ধার হয় খোয়া যাওয়া ১৮ হাজার টাকা ও অন্যান্য নথি।



