সংবাদদাতা, খড়্গপুর: কেরালার একটি সোনার দোকানে কারিগরের কাজ করত বর্ধমানের এক যুবক। সেই দোকান থেকেই সোনা চুরি করে পালাচ্ছিল সে। কেরালার নাল্লালাম থানার জরুরি সতর্কবার্তা পেয়ে অভিযুক্ত সেই যুবককেই পাকড়াও করল খড়্গপুর জিআরপি। বৃহস্পতিবার সকালে ২২৫০৩ কন্যাকুমারী-ডিব্রুগড় এক্সপ্রেস থেকে আটক করা হয় শেখ সমীর নামে ওই যুবককে। এরপর তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১৫০ গ্রাম সোনা উদ্ধার করে রেল পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর সমীরকে গ্রেপ্তার করা হয়। খবর পেয়ে এদিন বিকেল নাগাদ খড়্গপুর স্টেশনে এসে পৌঁছায় কেরল পুলিশের একটি টিম। নিয়ম মেনে ধৃতকে তাঁদের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন খড়্গপুর জিআরপির এসআরপি জয়ন্ত মুখোপাধ্যায়।



