নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের চড়তে শুরু করেছে সোনার দর। কলকাতায় গত দুদিনের তফাতে দাম বেড়েছে ৫ হাজার ৬০০ টাকা। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার শহরে ২৪ ক্যারেট বিশুদ্ধতার ১০ গ্রাম সোনার দাম ছিল ১ লক্ষ ৪৯ হাজার ৫০০ টাকা। অথচ গত মঙ্গলবারই সেই দর ছিল ১ লক্ষ ৪৩ হাজার ৯০০ টাকা। দাম বেড়েছে ২২ ক্যারেট সোনারও। বৃহস্পতিবার গয়না সোনার ১০ গ্রামের দর যায় ১ লক্ষ ৪২ হাজার ১০০ টাকা। অথচ একদিন আগে বুধবারই সেই দর ছিল ১ লক্ষ ৩৮ হাজার ৯৫০ টাকা।
কয়েকদিন ধরেই সোনার দরে স্থিতাবস্থা জারি ছিল। তাহলে কেন বাড়ছে দাম? বিশেষজ্ঞদের কথায়, একাধিক কারণ কাজ করছে এর পিছনে। আমেরিকা ও ইরানের যুদ্ধের পাকাপাকি অবসান হওয়ার এখনো সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে। একদিকে যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা, অন্যদিকে মার্কিন ডলারের দাম কমে যাওয়া সোনার দরকে উপরের দিকে তুলে রাখছে বলে জানাচ্ছেন তাঁরা। সাম্প্রতিককালে সুদের হার স্থির রেখেছে আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক ফেডারাল রিজার্ভ। তবে আগামী সেপ্টেম্বরে সেই সুদের হার বাড়তে পারে মনে করছেন বিশেষজ্ঞ মহলের একটা বড়ো অংশ।
সাম্প্রতিক এক সমীক্ষা জানাচ্ছে, আমেরিকায় সুদের হার বৃদ্ধির সম্ভাবনা ৬৫ শতাংশ। এই বিষয়ে সিদ্ধান্ত কী হবে, তা নিয়ে চিন্তা জিইয়ে থাকায় স্বল্পমেয়াদি বিনিয়োগ হিসাবে সোনার চাহিদা বেড়েছে আন্তর্জাতিক স্তরে। আজ শুক্রবার আমেরিকা তাদের কাজের বাজার সম্পর্কিত তথ্য প্রকাশ করবে। মার্কিন মুলুকে অর্থনৈতিক পরিস্থিতি কতটা পোক্ত, তার আভাস পাওয়া যায় এই রিপোর্টে। তার উপর যেহেতু লগ্নি নির্ভর করে, তাই সেদিকেও তাকিয়ে বিনিয়োগকারীরা। এশিয়াসহ বিশ্বের প্রায় সর্বত্রই যেভাবে মূল্যবৃদ্ধি মাথাচাড়া দিয়েছে, সেটিও লগ্নিকারীদের কাছে চিন্তার বিষয়। এই অস্থিরতাগুলির কারণেই তুলনামূলক নির্ভরযোগ্য বিনিয়োগ হিসাবে সোনার চাহিদা বাড়ায়, তার দামও বৃদ্ধি পাচ্ছে।