নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সামনেই লগন্সা। বিয়ের মরশুম শুরুর আগেই ফের অনেকটা কমল সোনার দর। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার শহরে ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দর যায় ১ লক্ষ ৪৮ হাজার ৩৫০ টাকা। অথচ মঙ্গলবারই সেই দর ছিল ১ লক্ষ ৫৩ হাজার ৪০০ টাকা। অর্থাৎ একদিনে দর কমেছে চার হাজার টাকার বেশি। কমেছে ২২ ক্যারেট বিশুদ্ধতার গয়না সোনার দামও। শহরে এদিন এই সোনার দর গিয়েছে ১০ গ্রাম পিছু ১ লক্ষ ৪১ হাজার টাকা। কেন নিম্নমুখী সোনা? বিশেষজ্ঞরা বলছেন, আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধ এবং তার দরুণ ভূ-রাজনৈতিক উত্তেজনা বিশ্বজুড়ে বৃদ্ধি পেয়েছে। অপরিশোধিত তেলের দর প্রতি ব্যারেল ৯০ ডলার ছাড়িয়েছে। অন্যান্য দেশের মুদ্রার নিরিখে শক্তিশালী হয়েছে ডলার। তার প্রভাব পড়েছে সোনার দরে। কারণ, সোনা ছেড়ে ডলারে বিনিয়োগ বাড়ছে। একাংশের মতে, জ্বালানির দাম বৃদ্ধিতে ভবিষ্যতে সুদের হার বেশি হতে পারে, এমন সম্ভাবনা তৈরি হয়েছে। যার ফলে সোনা-রুপোর আগ্রহ কমেছে।



