Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

সোনার মাদুলি

জমিদারি রক্ত প্রবাহিত তেজেন্দ্রনারায়ণের শরীরে। জমিদারি না থাকলেও তার পরম্পরাগত আত্মম্ভরিতা বিদ্যমান।

সোনার মাদুলি
  • ২২ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

তাপস কাঁড়ার: জমিদারি রক্ত প্রবাহিত তেজেন্দ্রনারায়ণের শরীরে। জমিদারি না থাকলেও তার পরম্পরাগত আত্মম্ভরিতা বিদ্যমান। কথায় কাজে তা বুঝিয়ে দেওয়া তার স্বভাব। প্রাক্তন জমিদার  তেজেন্দ্রনারায়ণের খামখেয়ালিপনা নিয়ে ‘নাটকে আটক’-এর দশম পূর্তির নতুন নাটক ‘সোনার মাদুলি’। বিমল বন্দ্যোপাধ্যায়ের রচনা ও ডঃ সন্দীপ রায়ের পরিচালনায় সম্প্রতি মধূসূধন মঞ্চে মঞ্চস্থ হল। 

Advertisement

তেজেন্দ্রনারায়ণের খামখেয়ালিপনার বিভিন্ন আঙ্গিক এই নাটকের মূল বিষয়। তার এই স্বভাবের কারণে স্ত্রী রাজলক্ষ্মী নানাভাবে অপমানিত হয়। যদিও তেজেন্দ্রনারায়ণ মনে করে, রাজলক্ষ্মী তাকে অবজ্ঞা করে। সেই অপরাধে তাকে রাজ পালঙ্ক থেকে বিতাড়িত করা হয়। রাজলক্ষ্মী রাতের শয্যা পাতে মেঝেতে। এহেন নানা সমস্যা থেকে মুক্তি পেতে শরণাপন্ন হয় সাধুর। সাধু বশীকরণের জন্য দেয় সোনার মাদুলি। এই মাদুলি যার বাহুতে থাকবে তার প্রেমে হাবুডুবু খাবে কর্তা। এতেই বাঁধে গোল। 
নানা কারণে হাত বদল হয় মাদুলির। আর তাতেই জমাট বাঁধে নাটক। আদ্যোপান্ত হাসির রসে জারিত এই নাটকে তেজেন্দ্রনারায়ণের চরিত্রে দারুণ অভিনয় করেছেন দেবাশিস সরকার। জমিদারির মুন্সিয়ানা যেমন দেখা যায় তার অভিনয়ে, তেমন খামখেয়ালিপনাও ভরপুর। তাঁকে যোগ্য সঙ্গত করেছেন সহধর্মিণী রাজলক্ষ্মীর চরিত্রে ডঃ শর্মিষ্ঠা রায়। নাটকের সূত্রধর পরিচারক প্রহ্লাদ। পরিচালক ডঃ সন্দীপ রায় নিজেকে প্রহ্লাদের চরিত্রে দারুণ ভাবে প্রকাশ করেছেন। 
এছাড়া কুণাল গুপ্ত, রজত বিশ্বাস, লোপিতা বোস, অমিতাভ বিশ্বাসের অভিনয় ভালো লাগে। স্বপন বন্দ্যোপাধ্যায়ের আবহ, গোপাল ঘোষের আলো ও রঞ্জন বোসের মঞ্চ পরিকল্পনা নাটককে পূর্ণ রূপ দিতে সাহায্য করেছে। সূচনা পর্বে ছিল নাটকের গান। প্রকৃতি ও প্রত্যুষ মুখোপাধ্যায় নাটকের গান ধারাবাহিক ক্রমে পরিবেশন করেন। দু’জনের পরিবেশনা মনে দাগ কেটে যায়। 

Advertisement
সম্পর্কিত সংবাদ