Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

বিয়ের মরশুম পড়তেই লাখ ছাড়াল সোনা

বিয়ের মরশুম পড়তেই লাখ ছাড়াল সোনা
  • ২২ এপ্রিল, ২০২৫ ০৯:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চৈত্র মাসে বন্ধ ছিল বিয়ে। বৈশাখ থেকে ফের শুরু হচ্ছে বিয়ের মরশুম। এই অবস্থায় কলকাতায় সোনার দাম (জিএসটি সহ) ছাড়াল এক লক্ষের গণ্ডি! গত কয়েকদিন ধরেই হলুদ ধাতুর দাম উর্ধ্বমুখী। সোমবার তা নতুন রেকর্ড গড়েছে। স্বাভাবিকভাবেই সোনার দামের এই ‘ট্রেন্ড’ চিন্তা বাড়িয়েছে হবু দম্পতি ও তাঁদের পরিবারের। এদিন কলকাতায় ২৪ ক্যারেট বিশুদ্ধতার খুচরো সোনার ১০ গ্রামের দর যায় ৯৭ হাজার ৩০০ টাকা। জিএসটি সহ যার দাম ১ লক্ষ ২১৯ টাকা। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন এই তথ্য দিয়েছে। গয়না সোনা, অর্থাৎ ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম এদিন গিয়েছে ৯২ হাজার ৪৫০ টাকা। জিএসটি সহ এই সোনার ১০ গ্রামের দাম ৯৫ হাজার টাকা ছাড়িয়ে যায়। বাজার বিশেষজ্ঞরা বলছেন, এই প্রথম কলকাতায় জিএসটি সহ সোনার দাম লক্ষ টাকা পেরল। যদিও দেশের রাজধানী দিল্লিতে সোনার দাম এক লক্ষ টাকা ছাড়িয়েছে আগেই। 

Advertisement

গত মাসেই ৯০ হাজারের সীমা পেরিয়েছিল সোনা। চলতি মাসের গোড়ার দিকে ধাপে ধাপে তা নেমে এসেছিল ৮৮ হাজার ৯৫০ টাকায়। বিশেষজ্ঞদের বক্তব্য, গত কয়েক মাসে হলুদ ধাতুর দাম বৃদ্ধিতে সবচেয়ে বেশি ভূমিকা ছিল আমেরিকার। মার্কিন প্রেসিডেন্ট পদে কে আসবেন, সেই জল্পনার মধ্যে শুরু হয়েছিল লাগাতার দামবৃদ্ধি-পর্ব। ক্ষমতায় আসার পর ডোনাল্ড ট্রাম্প কী কী আন্তর্জাতিক বাণিজ্য নীতি ঘোষণা করেন, সেই দোলাচলের কারণেও বেড়েছে দাম। এরপর শুল্ক ঘোষণা হয়ে যাওয়ায় বাজার থিতু হওয়ার চেষ্টায় ছিল। কিন্তু পরবর্তীকালে নিজের সিদ্ধান্ত থেকে ট্রাম্প সরে আসেন। আমেরিকার এই সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক স্তরে বিভিন্ন দেশের শেয়ারবাজারগুলিও অক্সিজেন পায়। বাজার চাঙ্গা হতেই সোনার দাম আরও চড়তে শুরু করে। বিশেষজ্ঞরা বলছেন, আপাতত দামের এই দোলাচল জারি থাকবে। তবে এই দামবৃদ্ধিতে আশাবাদী ব্যবসায়ীরা। এখন যেহেতু সোনাও বিনিয়োগের অন্যতম মাধ্যম, তাই সাধারণ মানুষ লগ্নির স্বার্থে সোনা কিনবেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ