নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাওড়া স্টেশনে সোনার বিস্কুট সমেত পাকড়াও এক মহিলা। শুক্রবার স্টেশনের ৯ নম্বর প্ল্যাটফর্মে তাঁকে আটক করে সোনা পাচার আটকাল আরপিএফ বাহিনী। এদিন নর্থ হাওড়ার আরপিএফ পোস্ট এবং কাস্টমস যৌথ অভিযান চালায়। ওড়িশাগামী ট্রেনে আচমকাই হানা দেয় তারা। কটক যাওয়ার উদ্দেশ্যে অনিতা সাহা (৫০) নামে এক মহিলা যাত্রী ট্রেনে বসেছিলেন। জওয়ানদের দেখেই সোনার বিস্কুট লুকনোর চেষ্টা করেন তিনি। কিন্তু সফল হননি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অনিতার জবাবে ধরা পড়ে একাধিক অসঙ্গতি। এমনকী তাঁর কাছে ট্রেনের বৈধ টিকিটও মেলেনি। পাশাপাশি ১৪২.২২ গ্রাম ওজনের সোনার বিস্কুটের কোনও কাগজপত্রও দেখাতে পারেননি তিনি।



