ধনতেরসের একদিন আগেও সোনা-রুপোর দামে বৃদ্ধি, চিন্তায় গ্রাহকরা
  • ৫ নভেম্বর, ২০২৬ ১৬:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ধনতেরসের ঠিক একদিন আগেই ফের বাড়ল সোনার দাম। গত, সোমবার থেকেই লাগাতার বাড়ছে হলুদ ধাতুর দাম। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের তালিকা অনুযায়ী শহর কলকাতায় আজ, বৃহস্পতিবার  পাকা সোনা বাটের দাম (১০ গ্রাম) ১ লক্ষ ৪৪ হাজার ৪০০ টাকা। গতকাল অর্থাৎ বুধবার এই দাম ছিল ১ লক্ষ ৪২ হাজার ৩৫০ টাকা। ৪ নভেম্বর পাকা সোনার বাটে (খুচরো) দাম ছিল ১ লক্ষ ৪৩ হাজার ৫০ হাজার টাকা। আজ সেই দাম বেড়ে হয়েছে ১ লক্ষ ৪৫ হাজার ১৫০ হাজার টাকায়। এর পাশাপাশি বেড়েছে হলমার্ক সোনার দামও। গতকাল ১০ গ্রাম হলমার্ক সোনার গয়নার (৯১৬) দাম ছিল ১ লক্ষ ৩৬ হাজার টাকা। সেই দাম আজ বেড়ে হয়েছে ১ লক্ষ ৩৭ হাজার ১৫০ টাকা। 

Advertisement

ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান রেট অনুযায়ী রুপোর দামেও পরিবর্তন হয়েছে। সোনার পাশাপাশি উর্ধ্বমুখী রুপোলি ধাতুও। গতকাল রূপোর বাট এবং রূপো খুচরোর প্রতি কেজি দাম ছিল যথাক্রমে ১ লক্ষ ৮৭ হাজার ২৫০ এবং ১ লক্ষ ৮৭ হাজার ৩৫০ টাকা। এদিন সেই দাম পরিবর্তিত হয়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ লক্ষ ৮৯ হাজার ২০০ এবং ১ লক্ষ ৮৯ হাজার ৩০০ টাকায়। 

বিশেষজ্ঞদের মতে, ভারতীয় সোনার বাজার মূলত প্রভাবিত হয় আন্তর্জাতিক অর্থনৈতিক পরিস্থিতির ওঠানামা এবং মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার সংক্রান্ত বিষয়ের উপর। এর ফলে বিশ্ববাজারে সোনার দামে তারতম্য দেখা দিলেও তার সরাসরি প্রভাব পড়ে ভারতীয় বাজারেও। ধনতেরস বা দীপাবলির আগে দেশে সোনার দাম উর্ধ্বমুখী হবে নাকি নিম্নমুখী তার নেপথ্যে কিন্তু দেশের অভ্যন্তরীন কোনো কারণ নেই। বরং আন্তর্জাতিক বাজারে সোনার দামের ওঠা-নামা এবং চাহিদার উপরেই তার মূল্য অনেকখানি নির্ভর করে। তবে ধনতেরসের আগেই এই মূল্য বৃদ্ধি পাওয়ায় বিক্রিবাটা নিয়ে চিন্তায় পড়েছেন সোনার ব্যবসায়ী ও বিক্রেতেরা। অন্যদিকে, গত সোমবারের আগে সোনার দাম কিছুটা নিম্নমুখী থাকায় ধনতেরসে ছোটখাট হলুদ ধাতুর গয়না কেনা সম্ভব হবে বলেই মনে করছিলেন অনেক গ্রাহক। কিন্তু আচমকাই দাম বাড়ায় গ্রাহকদের একাংশ সেই কেনাকাটার সম্ভাবনা থুড়ি উৎসাহ যেন কিছুটা হারিয়ে ফেলছেন একথা বলাই বাহুল্য।