Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মাটি ছাড়াই তৈরি হয়েছে দেবী প্রতিমা, দুই খুদে শিল্পীর সৃষ্টিতে আপ্লুত বড়রা

মাটি ছাড়াই মা দুর্গার মূর্তি তৈরি করে জলপাইগুড়িতে সাড়া ফেলে দিয়েছে দুই খুদে শিল্পী। সপ্তম শ্রেণির এক ছাত্রী ক্লে দিয়ে তৈরি করেছে প্রতিমা।

মাটি ছাড়াই তৈরি হয়েছে দেবী প্রতিমা, দুই খুদে শিল্পীর সৃষ্টিতে আপ্লুত বড়রা
  • ২৭ সেপ্টেম্বর, ২০২৫ ১৩:০৯
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: মাটি ছাড়াই মা দুর্গার মূর্তি তৈরি করে জলপাইগুড়িতে সাড়া ফেলে দিয়েছে দুই খুদে শিল্পী। সপ্তম শ্রেণির এক ছাত্রী ক্লে দিয়ে তৈরি করেছে প্রতিমা। অষ্টম শ্রেণির অপর ছাত্রী পিচবোর্ড দিয়ে তৈরি করেছে দশভুজার মূর্তি। তাদের প্রতিভায় আপ্লুত বড়রা। স্কুল ছাত্রীদের হাতে তৈরি দুটি প্রতিমারই পুজো হবে। 

Advertisement

ক্লে দিয়ে মা দুর্গার মূর্তি বানিয়ে জলপাইগুড়িতে সাড়া ফেলেছে সপ্তম শ্রেণির ছাত্রী কেয়া দাস। শহর সংলগ্ন পাতকাটা কলোনি এলাকার বাসিন্দা কেয়া ছোট থেকেই মাটি ও ক্লে দিয়ে মূর্তি বানাতে পছন্দ করে। এর আগে সে লক্ষ্মী ও সরস্বতীর মূর্তি গড়লেও এবারই প্রথম মা দুর্গার মূর্তি বানাল কেয়া। প্রায় দুসপ্তাহ ধরে পড়াশোনার ফাঁকে একটু একটু করে মূর্তি গড়ার কাজ চালিয়ে গিয়েছে সে। স্কুল ছাত্রীর হাতে তৈরি ওই দুর্গা প্রতিমা দেখতে ভিড় জমাচ্ছেন এলাকার লোকজন। প্রত্যেকেই ছাত্রীর দক্ষতার প্রশংসা করছেন। ছাত্রীর মা রুম্পা দাস জানিয়েছেন, মেয়ের হাতে তৈরি প্রতিমা বাড়িতে পুজো করবেন তাঁরা। পরে বাড়িতেই সাজানো থাকবে। খুদে প্রতিমা শিল্পী কেয়ার বাবা অসিত দাস সিকিউরিটি গার্ডের কাজ করেন। খুবই কম টাকা বেতন পান। তা দিয়েই সংসার চালানোর পাশাপাশি একমাত্র মেয়ের পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। জলপাইগুড়ি সেন্ট্রাল গার্লস স্কুলের ছাত্রী কেয়া পড়াশোনার পাশাপাশি ছবি আঁকা শেখে। বড় হয়ে শিল্পকলা নিয়ে পড়াশোনা করার ইচ্ছে তার।

অন্যদিকে, মা দুর্গাকে যোদ্ধা রূপে নয়, মা রূপে তৈরি করেছে  ছাত্রী প্রাপ্তি ভট্টাচার্য। জলপাইগুড়ি সদর গার্লস বালিকা বিদ্যালয়ের অষ্টমে ছাত্রী প্রাপ্তির বাড়ি শহর সংলগ্ন বটতলা এলাকায়। তার তৈরি দুর্গার হাতে কোনও অস্ত্র নেই। তার কথায়, বিশ্বশান্তির বার্তা দিতেই এই উদ্যোগ।

Advertisement
সম্পর্কিত সংবাদ