নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ২০২৩ সালে বারাকপুরে ডেঙ্গুর বিপুল প্রকোপ দেখা গিয়েছিল। বহু মানুষ আক্রান্ত হয়েছিল এই রোগে। ২০২৪ সালে পুরসভা ও প্রশাসনের পক্ষ থেকে ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য নানা কর্মসূচি নেওয়া হয়েছিল। আর ২০২৫ সালে বারাকপুরে ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রতিটি ওয়ার্ডে বিশেষ টিম গঠন করল পুরসভা। তাদের লক্ষ্য, ডেঙ্গু মুক্ত বারাকপুর। আট থেকে ১৪ জনের ওই টিম বাড়ি বাড়ি ঘুরছে। বাড়ি গিয়ে মানুষকে কী বোঝাতে হবে, পুরসভার পক্ষ থেকে তা নিয়ে ওই টিমের সদস্যদের প্রশিক্ষণও দেওয়া হয়েছে। তাদের উপরে রয়েছেন একজন সুপারভাইজার। এই টিম মানুষকে সচেতন করছে, সতর্ক করছে। কোথাও জঙ্গল থাকলে বা নোংরা জমে থাকলে, সঙ্গে সঙ্গে পুরসভার জঞ্জাল সাফাই বিভাগকে জানাচ্ছে ওই টিম। সাফাইকর্মীরা তা গিয়ে পরিষ্কার করে দিচ্ছেন। এই টিমের সদস্যদের কাজে সন্তুষ্ট হয়ে ইতিমধ্যে কয়েকজনকে পুরস্কৃতও করা হয়েছে।



