Bartaman Logo
৭ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বনগাঁয় বিজেপি প্রার্থীকে গো-ব্যাক স্লোগান, ভোট প্রচারে উত্তেজনা

রবিবার সকালে ভোট প্রচারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বনগাঁ পুরসভার ২০ নম্বর ওয়ার্ডে। বিজেপি প্রার্থী অশোক কীর্তনিয়াকে গো ব্যাক স্লোগান দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কর্মী-সমর্থকদের বিরুদ্ধে।

বনগাঁয় বিজেপি প্রার্থীকে গো-ব্যাক স্লোগান, ভোট প্রচারে উত্তেজনা
  • ১৩ এপ্রিল, ২০২৬ ০৪:০০

সংবাদদাতা, বনগাঁ: রবিবার সকালে ভোট প্রচারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বনগাঁ পুরসভার ২০ নম্বর ওয়ার্ডে। বিজেপি প্রার্থী অশোক কীর্তনিয়াকে গো ব্যাক স্লোগান দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। অন্যদিকে, কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের একাংশকে নিয়ে তাঁদের উপর হামলা হয়েছে বলে দাবি তৃণমূল নেতৃত্বের। এই ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তাপ বেড়েছে। জানা গিয়েছে, এদিন সকালে ভোট প্রচারে যান বিজেপি প্রার্থী অশোক কীর্তনিয়া। সেই সময় সেখানে প্রচার করছিল তৃণমূল মহিলা সমর্থকরা। দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়। এরপর বিজেপি প্রার্থীকে গো ব্যাক স্লোগান দেয় তৃণমূল সমর্থকরা। উত্তেজনার পরিবেশ তৈরি হলে ঘটনাস্থলে আসে বনগাঁ থানার পুলিশ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও এরপর এলাকায় প্রচার করেন বিজেপি প্রার্থী। তৃণমূল কর্মী সমর্থকদের অভিযোগ, বিজেপি কর্মীরা তাঁদের মারধর করেছে। বিজেপি প্রার্থীর সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের একাংশ তাঁদের ধাক্কাধাক্কি করে বলেও অভিযোগ। পূর্ণিমা অধিকারী নামে এক তৃণমূল কর্মী বলেন, বিজেপি প্রার্থী কর্মীদের নিয়ে এই এলাকায় ছিল। আমাদের উদ্দেশ করে গালাগালি দেয়। বিজেপি মহিলা কর্মীরা আমাদের মারধর করে। তৃণমূলের আরও অভিযোগ, গত ৫ বছর বিজেপি প্রার্থীকে এলাকায় দেখা যায়নি। কেনো দেখা যায়নি জানতে চাইলে, আমাদের মারধর করে। 

Advertisement

এবিষয়ে অশোক কীর্তনিয়া বলেন, তৃণমূল কিছু মহিলাকে ৫০০ টাকা করে দিয়ে পথে নামিয়েছে আমার প্রচারে বাধা দেওয়ার জন্য। তাঁরা সকলে আমাকে জানিয়েছেন বাধ্য হয়ে আজ তাঁদের আসতে হয়েছে। তাঁরা আমাকে ভোট দেবেন। অন্যদিকে, তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস বলেন, বিজেপি প্রার্থী যিনি হয়েছেন তিনি বনগাঁর মানুষের ভোট নিয়ে জয়ী হয়ে তাঁদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। জনপ্রতিনিধি হওয়ার কোনো যোগ্যতা নেই তাঁর। এসআইআরের মাধ্যমে  মানুষের ভোট কেটে তাঁদের কাছে ভোট চাইতে গিয়েছেন। আগামীতে মানুষ এর জবাব দেবে।  

সম্পর্কিত সংবাদ