Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

গণপিটুনির মামলায় দোষী সাব্যস্ত হলেন তৃণমূল কাউন্সিলার সহ পাঁচ জন

গণপিটুনির মামলায় দোষী সাব্যস্ত হলেন তৃণমূল কাউন্সিলার সহ পাঁচ জন
  • ২১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ২০১৪ সালের একটি গণপিটুনির ঘটনায় দোষী সাব্যস্ত হলেন পাঁচজন। দোষীদের মধ্যে রয়েছেন পানিহাটি পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার তারক গুহ। ২০১৪ সালের, ২৫ সেপ্টেম্বর পানিহাটিতে শম্ভু চক্রবর্তী নামের এক ব্যক্তিকে গণপিটুনি দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে ছিল। গণপিটুনির জেরে মৃত্যু হয়েছিল শম্ভু চক্রবর্তীর। সেই ঘটনায় অভিযুক্ত হিসেবে আটজনের নামে মামলা দায়ের হয়। তদন্ত চলে। আজ, শুক্রবার এই মামলার শুনানি ছিল বারাকপুরের তৃতীয় অতিরিক্ত জেলা দায়রা আদালতের বিচারক অয়ন কুমার বন্দ্যোপাধ্যায়ের এজলাসে। গণপিটুনির মামলার শুনানিতে বিচারক পাঁচজনকে দোষী সাব্যস্ত করেছেন। সেই দোষীদের মধ্যে রয়েছেন তৃণমূল কাউন্সিলার তারক গুহ। এছাড়াও বাকিরা হলেন, নেপাল গুহ, জয়দেব মুখোপাধ্যায়, শ্যামল দাস ও হরিপদ সরকার। একই সঙ্গে এই মামলায় তিনজনকে বেকসুর খালাস করে দিয়েছেন বিচারক। তাঁরা হলেন, মল্লিকা দে, নব চক্রবর্তী ও বুরন দাস। আগামী সপ্তাহের মঙ্গলবারে এই মামলার সাজা ঘোষণা করবে আদালত। সব দোষীকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক। তারক গুহের দোষী সাব্যস্ত হওয়ার খবর পেয়ে আদালতে হাজির হয়েছেন পানিহাটি পুরসভার কাউন্সিলার গোবিন্দ দাস সহ অনেকেই।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ