Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

গঙ্গাবক্ষে ক্রুজে পার্টি, রুফটপ টার্ফ থেকে বিনোদন কর নেবে পুরসভা

গঙ্গাবক্ষে ক্রুজে পার্টি, রুফটপ টার্ফ থেকে বিনোদন কর নেবে পুরসভা
  • ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিলাসবহুল লঞ্চ বা ক্রুজ ভাড়া করে কলকাতার গঙ্গাবক্ষে এখন নানা অনুষ্ঠান আয়োজন করা যায়। জন্মদিনের পার্টি থেকে নাচ-গান-হুল্লোড়—অনুষ্ঠানের আয়োজন হয় নিয়মিত। এবার থেকে গঙ্গাবক্ষে এমন অনুষ্ঠান করতে গেলে কলকাতা পুরসভাকে দিতে হবে বিনোদন কর বা অ্যামিউজমেন্ট ট্যাক্স। সম্প্রতি পুরসভার বাজেটে এই কর লাগু করার কথা বলা হয়েছে। 
Advertisement
কর্তৃপক্ষ জানাচ্ছে, কলকাতায় বর্তমানে গঙ্গাবক্ষে তিন থেকে চারটি বিলাসবহুল লঞ্চ বা ক্রুজ চলে। আগামী দিনে আরও কয়েকটি সংস্থা এরকম বিলাসবহুল ক্রুজ চালানোর উদ্যোগ নিচ্ছে। এতদিন এই ক্ষেত্রটি পুরসভার বিনোদন করের আওতাভুক্ত ছিল না। এখন ঠিক হয়েছে, ওই লঞ্চ বা ক্রুজের আসনসংখ্যার ভিত্তিতে ট্যাক্স আরোপ করা হবে। ঠিক হয়েছে, নন-এসি হলে আসন পিছু ২ থেকে ৭ টাকা পর্যন্ত কর নেওয়া হবে। এসি হলে আসন পিছু নেওয়া হবে কমপক্ষে ৫ টাকা থেকে সর্বোচ্চ ১০ টাকা। অনুষ্ঠানে প্রোজেক্টর থাকলে বা বেশি রাত পর্যন্ত অনুষ্ঠান চললে এই হার দ্বিগুণ হবে উভয় ক্ষেত্রেই। 
এর পাশাপাশি দিনে দিনে কলকাতায় বিভিন্ন বাড়ি ছাদে ‘রুফটপ টার্ফ’ জনপ্রিয় হয়ে উঠেছে। বাড়ির ছাদ লোহার জাল বা সাধারণ জাল দিয়ে ঘিরে টার্ফ বসিয়ে মালিকপক্ষ সেগুলি খেলাধুলোর জন্য ভাড়া দিচ্ছে। এভাবে তারা মোটা টাকা উপার্জন করছে। একাধিক ক্লাব নিজস্ব মাঠেও এমন টার্ফ বানিয়ে ক্রীড়া প্রতিযোগিতা কিংবা প্রশিক্ষণ বা খেলতে দেওয়ার জন্য ঘণ্টা পিছু ভাড়া দিচ্ছে। এবার থেকে এই ধরনের টার্ফ পিছু বছরে ১০ হাজার টাকা বিনোদন কর গুনতে হবে বলে উল্লেখ রয়েছে পুর-বাজেটে। বিভাগীয় এক কর্তা বলেন, ‘এখন বিনোদনের সংজ্ঞা বদলেছে। সময়ের সঙ্গে সঙ্গে এমন অনেক ধরনের বিনোদন মাধ্যম যুক্ত হচ্ছে, যেগুলি সম্পর্কে আমাদের ধারণাই ছিল না। তাই এগুলিকেও অ্যামিউজমেন্ট ট্যাক্সের আওতায় নিয়ে আসা জরুরি। তাতে পুরসভারও আর্থিক সমৃদ্ধি হবে।’
Advertisement
সম্পর্কিত সংবাদ