নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বৃদ্ধার পথ আটকে তাঁর পরনে থাকা ১০ লক্ষ টাকার সোনার গয়না লুটের ঘটনায় তিন দুষ্কৃতীকে ন’বছরের কারাদণ্ড দিল আদালত। শুক্রবার বিচারভবনের বিচারক অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় এই নির্দেশ দিয়েছেন। এই সাজার সঙ্গে প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দু’মাস জেল হাজতের নির্দেশ দেন বিচারক। মামলায় প্রকাশ, ২০১৬ সালের ২৮ আগস্ট দুপুরে উত্তর কলকাতার আমহার্স্ট থানার বিবেকানন্দ রোডে এই লুটের ঘটনাটি ঘটে। পরে ঘটনার তদন্তে নেমে কলকাতা গোয়েন্দা পুলিস দুষ্কৃতীদের গ্রেপ্তার করে। ধৃতরা হল ইবাদুল গাজি, ফারুক শেখ ও রাজু ঘরামি।



