সিডনি: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন গ্লেন ম্যাক্সওয়েল। অজি অলরাউন্ডারকে দেখা যাবে না প্রথম শ্রেণির ক্রিকেট ও লিস্ট ‘এ’ ক্রিকেটেও। শুধু বিগ ব্যাশ লিগে মেলবোর্ন স্টারসের হয়ে মাঠে নামবেন তিনি। মঙ্গলবার এক পডকাস্টে ৩৮ বছর বয়সি জানান, ‘আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করছি। ভিক্টোরিয়ার হয়ে ৫০ ওভারের ফরম্যাট ও প্রথম শ্রেণির ম্যাচেও আর খেলব না।’ কেন এই সিদ্ধান্ত, সেটাও ব্যাখ্যা করেছেন ম্যাক্সওয়েল। তাঁর কথায়, ‘আগামী কয়েক মাসে অস্ট্রেলিয়া দলে প্রচুর পরিবর্তন হতে চলেছে। তরুণদের যাতে দেখে নেওয়া যায়, সেটা নিশ্চিত করতে চাইছি।’পাওয়ার হিটিংয়ের জন্য বিখ্যাত ম্যাক্সওয়েল খেলেছেন ১৪৯ ওডিআই, ১৩০ টি-২০ এবং ৭টি টেস্টে। এই তিন ফরম্যাটে ৩৮ বছর বয়সির রান যথাক্রমে ৩৯৯০, ২৮৯৭ ও ৩৩৯। আন্তর্জাতিক ক্রিকেটে মোট ১০টি শতরান রয়েছে তাঁর। এর পাশাপাশি ওডিআই, টি-২০ এবং টেস্টে অফ স্পিনে তাঁর উইকেট সংখ্যা যথাক্রমে ৭৭, ৫১ ও ৮। ২০১৫ ও ২০২৩ সালে ওডিআই বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য তিনি। ২০২১ সালে জিতেছেন টি-২০ বিশ্বকাপও।



