আত্মঘাতী প্রেমিকা, গ্রেপ্তার যুবক
  • ৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেমিকার থেকে টাকা নিয়েছেন। এমনকী তাঁর উপর মানসিক নির্যাতনও চালিয়েছেন বলে অভিযোগ। তা সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নিলেন দত্তপুকুরের এক বছর ২৬-এর যুবতী। এরপর অভিযুক্তকে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করে দত্তপুকুর থানার পুলিশ। ধৃতের নাম নিলয় বাগচি। তাঁর বাড়ি নদীয়ার কৃষ্ণনগরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দত্তপুকুরের কাশিমপুর পঞ্চাননতলার ওই যুবতীর সঙ্গে প্রায় দু’বছর ধরে সম্পর্ক ছিল কৃষ্ণনগরের নিলয়ের। দুই পরিবারের মধ্যে তাঁদের বিয়ে নিয়েও কথাবার্তা চলছিল। সেই সম্পর্কের সুযোগ নিয়েই যুবতীর কাছ থেকে ধাপে ধাপে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে নিলয়ের বিরুদ্ধে। পরিবারের অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়েও শেষ পর্যন্ত কথা রাখেননি তিনি। উল্টে যুবতীকে মানসিকভাবে নির্যাতন করা হত। এই পরিস্থিতিতে মানসিকভাবে ভেঙে পড়েই ওই যুবতী আত্মহত্যা করেন সেপ্টেম্বর মাসে। তাঁর পরিবারের তরফে দত্তপুকুর থানায় অভিযোগ দায়ের করা হয়। মামলা রুজু হতেই এলাকা ছেড়ে পালিয়ে যান নিলয়। অবশেষে মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে রায়গঞ্জে অভিযান চালান দত্তপুকুর থানার তদন্তকারীরা। সেখান থেকেই গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে।

Advertisement