নয়াদিল্লি: গোটা দেশের নজর সংসদের অধিবেশনে। সৌজন্যে ডিলিমিটাইজেশন বা আসন পুনর্বিন্যাস বিল। বিরোধী শিবিরের আশঙ্কা, বিল পাস হলে নির্বাচনি কেন্দ্রের সীমানা নিজেদের রাজনৈতিক সুবিধা অনুযায়ী বদলে দেবে বিজেপি। এজন্য ‘জেরিম্যান্ডারিং’ শব্দের ব্যবহার করছে তারা। যদিও বিজেপি এই অভিযোগ খারিজ করে দিয়েছে।
‘জেরিম্যান্ডারিং’ শব্দটির উৎপত্তি আমেরিকায়। সময়টা ১৮১২। ম্যাসাচুসেটসের তৎকালীন গভর্নর এলব্রিজ জেরি নিজের দলকে সুবিধা পাইয়ে দিতে অঙ্গরাজ্যের সেনেট আসনগুলির পুনর্বিন্যাস বিলে স্বাক্ষর করেন। নয়া পুনর্বিন্যাসে একটি আসনের সীমানা এতটাই অদ্ভূত হয়ে পড়ে যে, তার সঙ্গে পৌরাণিক সরীসৃপ স্যালামান্ডারের সঙ্গে তুলনা করেন বিরোধীরা। স্থানীয় সংবাদমাধ্যম ব্যঙ্গ করে গভর্নর জেরির নামের সঙ্গে স্যালামান্ডার জুড়ে দিয়ে সমগ্র প্রক্রিয়াকে ‘জেরিম্যান্ডারিং’ তকমা দেয়। ভোটের বাক্সে কারচুপি না করেও শুধুমাত্র সীমা বদলেই কেল্লাফতে করার এই কৌশলকেই রাজনৈতিক পরিভাষায় বলা হয় ‘জেরিম্যান্ডারিং’। এই কৌশলের দুটি অস্ত্র-‘প্যাকিং’ ও ‘ক্র্যাকিং’। প্রথমটি হল বিরোধী দলের ভোটারদের একটি-দু’টি আসনে একসঙ্গে নিয়ে আসা। এতে বিরোধীরা জিতলেও পার্শ্ববর্তী আসনগুলিতে তাদের জোর কমে যায়। আর ক্র্যাকিং এর বিপরীত। বিরোধী ভোটারদের অল্প অল্প করে বিভিন্ন আসনে ছড়িয়ে দেওয়া। ফলে স্বাভাবিকভাবেই শাসকদেরই সুবিধা হয়।
২০২৩ সালে কংগ্রেস নেতা রাহুল গান্ধী এই শব্দ প্রয়োগ করেন। মোদি সরকারের ডিলিমিটেশন বিল নিয়ে বিতর্কের আবহে ফের উঠে এসেছে ওই শব্দ। কংগ্রেসের অভিযোগ, ২০২৩ সালে অসমে আসন পুনর্বিন্যাসের সময় একই ধরনের কৌশল নেওয়া হয়েছিল। এপ্রসঙ্গে রাহুলের দাবি, প্রধানমন্ত্রী মোদি নির্বাচনি কেন্দ্রগুলির সীমানা পুনর্নির্ধারণের ক্ষেত্রে একতরফা ক্ষমতা চাইছেন। তাঁর দাবি, আসন পুনর্বিন্যাসের জন্য গঠিত কমিশনে বিরোধীদের প্রতিনিধি থাকা প্রয়োজন। অন্যথায় নিজেদের ইচ্ছামতো নির্বাচনি সীমানা বদলাবে বিজেপি। যদিও বিজেপি সাংসদ তেজস্বী সূর্য অভিযোগ উড়িয়ে বলেছেন, সীমানা নির্ধারণ করে একটি স্বাধীন কমিশন। নেতৃত্বে থাকেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি। ফলে রাজনৈতিক হস্তক্ষেপের আশঙ্কা ভিত্তিহীন।



