সমৃদ্ধ দত্ত, নয়াদিল্লি: অহং-এর পতন! দেশজুড়ে অপারেশন লোটাস চালিয়ে একের পর এক আঞ্চলিক দলকে ছত্রভঙ্গ করে দেওয়ার মিশন নেওয়া বিজেপি ধরাশায়ী বিহারে। তাও মাত্র দেড় বছর আগে জন্ম নেওয়া একটি আঞ্চলিক দলের কাছে। জেন জি আন্দোলনের পর প্রথম সংসদীয় নির্বাচনের পরীক্ষায় নরেন্দ্র মোদি এবং অমিত শাহের দল ব্যর্থ। বিহারের যে কেন্দ্রে মাত্র ৮ মাস আগে ৫২ হাজার ভোটে বিপুল জয় এসেছিল, সেই বাঁকিপুর বিধানসভায় মুখ থুবড়ে পড়ল শাসক বিজেপি। ভোট স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোর জীবনের প্রথম নির্বাচন লড়তে নেমেই জায়ান্ট কিলার। নিজের প্রতিষ্ঠিত জন সুরাজ পার্টির প্রার্থী হিসাবে তিনি বিজেপিকে ধূলিসাৎ করে দিয়েছেন পাটনা শহরের এই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে। ১৯৯৫ সাল থেকে বাঁকিপুর বিজেপির দখলে। এই পরাজয় তাদের কাছে দ্বিগুণ ধাক্কা। কারণ? প্রথমত, নতুন মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী খাস পাটনাতেই দলের হার প্রতিরোধে ব্যর্থ। আর দ্বিতীয়ত, বাঁকিপুর হল বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের দুর্গ। এই কেন্দ্র থেকেই তিনি লাগাতার পাঁচবার জয়ী। আর তার আগে ১৯৯৫ সাল থেকে বিধায়ক ছিলেন তাঁর পিতা (তৎকালীন পাটনা পশ্চিম কেন্দ্র)। সুতরাং বিজেপির তো বটেই, এই কেন্দ্র ছিল তাঁর পারিবারিক গড়। খোদ দলের সর্বভারতীয় সভাপতির ফেলে আসা আসনেই বিজেপিকে পরাজয়ের স্বাদ নিতে হচ্ছে—এই ঘটনা চরম অস্বস্তিকর বিজেপি শীর্ষ নেতৃত্বের কাছে। সবচেয়ে বড়ো কথা, ধস নামল জেন জি আন্দোলনের ঝড়ের মধ্যেই। নজর করার বিষয় হল, বাঁকিপুর হল পাটনার এমন একটি কেন্দ্র, যেখানে ১৮ থেকে ২৯ বছর বয়সি ভোটারের সংখ্যা সর্বাধিক। ১ লক্ষ ২০ হাজারের বেশি। অর্থাৎ জেন জি যে রাজনীতিগতভাবেও মুখ ফেরাচ্ছে বিজেপির দিক থেকে, সেই বার্তা স্পষ্ট। ৪৪ শতাংশ ভোট বেড়েছে পিকে’র দলের। শুধু বিজেপিরই প্রায় ২৫ হাজার ভোট স্যুইং হয়েছে। এখানেই শেষ নয়, শিক্ষাক্ষেত্রে সংস্কারের পক্ষে সওয়াল তোলা প্রশান্ত কিশোর ভাগ বসিয়েছেন আরজেডির ভোটব্যাংকেও। এর প্রধান কারণ কি জেন জি আন্দোলনে তেজস্বী যাদবের অনুপস্থিতি? এই প্রশ্ন কিন্তু উঠছে।



