• নতুন রূপে ফিরছে ‘মস্তি’। ২০০৪ সালে রীতেশ দেশমুখ, বিবেক ওবেরয়, আফতাব শিবদাসানি অভিনীত এই ছবি পছন্দ করেছিলেন অনুরাগীরা। দীর্ঘদিন ধরেই ফ্র্যাঞ্চাইজির চতুর্থ পর্বের অপেক্ষা করছিলেন দর্শক। সম্প্রতি নির্মাতাদের সূত্রে জানানো হয়েছে, শীঘ্রই ফিরবে ‘মস্তি’। এবার নতুন আঙ্গিকে। মিলাপ মিলান জাভেরি থাকবেন পরিচালক হিসেবে। ছবির নাম ‘রিভার্স মস্তি’। শোনা যাচ্ছে, এই ছবিতে ক্যামিও চরিত্রে থাকবেন জেনেলিয়া দেশমুখ। রীতেশ অভিনীত ছবিতে একটি বিশেষ গানের দৃশ্যে নাকি অভিনয় করবেন জেনেলিয়া। ইতিমধ্যে নাকি শ্যুট করেছেন তিনি। এর আগে ‘মস্তি’ ছবিতে পর্দায় রীতেশের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন জেনেলিয়া। তারপর অবশ্য এই ফ্র্যাঞ্চাইজির কোনও ছবিতে দেখা যায়নি তাঁকে। অবশেষে ‘মস্তি ৪’-এর হাত ধরে তিনি আবার এন্ট্রি নিচ্ছেন এই ফ্র্যাঞ্চাইজির ছবিতে। নির্মাতাদের দাবি, ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ছবির গল্প এগবে অন্যভাবে। এবার কেবল নায়করাই নন, নায়িকাদেরও বিবাহ বহির্ভূত সম্পর্ক দেখানো হবে পর্দায়। সবমিলিয়ে আরও জমজমাটভাবে উপস্থাপিত হবে ‘রিভার্স মস্তি’।



