নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘রিসার্চ মেথডোলজি ইস্যুস অ্যান্ড চ্যালেঞ্জেস’- শীর্ষক একটি আন্তর্জাতিক আলোচনাচক্রের আয়োজন করেছিল ব্রহ্মানন্দ কেশবচন্দ্র কলেজ। আয়োজক, কলেজের ইন্টারনাল কোয়ালিটি অ্যাসুওরেন্স সেল, সেন্ট্রাল লাইব্রেরি এবং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট উইং। একাধিক আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা আলোচনায় যোগ দিয়ে গবেষণাপত্র লেখার প্রয়োজনীয়তা, পদ্ধতি, সমস্যা এবং উত্তরণের পথ বাতলে দেন।
Advertisement
আলোচনাচক্রে যোগ দিয়েছিলেন অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক ও সুরক্ষা বিভাগের অধ্যাপক ডঃ রজত গঙ্গোপাধ্যায়, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডঃ রঞ্জিতা চক্রবর্তী, ক্যালিফোর্নিয়ার লরেন্স লিভারমোর ন্যাশনাল ল্যাবরেটরির পোস্ট ডক্টরাল স্কলার ডঃ মেঘরাজ সেনগুপ্ত এবং ব্রহ্মানন্দ কেশবচন্দ্র কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক ডঃ নিশি পুলুগুর্থা। কলেজের অধ্যক্ষ ডঃ পাপিয়া চক্রবর্তী বিস্তারিতভাবে তুলে ধরেন শিক্ষাক্ষেত্রে গবেষণার গুরুত্ব। তবে অনেক সময়ই লক্ষ্য করা যায় গবেষণার সঠিক পদ্ধতি না জানার ফলে নানা ধরনের সমস্যা ও চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় গবেষকদের। এই আবহে গবেষণাক্ষেত্রে প্রক্রিয়াগত বিষয়ের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন বক্তারা। আন্তর্জাতিক প্রেক্ষাপটে গবেষকদের সামনে নিত্যনতুন তৈরি হওয়া সমস্যার কথা জানান রজত গঙ্গোপাধ্যায়। রঞ্জিতা চক্রবর্তী গবেষণার বিষয় অনুসন্ধানের ক্ষেত্রে ক্ষেত্রসীমাকে প্রয়োজনীয় উপাদান হিসেবে ব্যাখ্যা দেন। বিভিন্ন কলেজ ও সংস্থায় গবেষণারত প্রায় পঞ্চাশ গবেষকের সক্রিয় উপস্থিতি ছিল। উপস্থিত ছিলেন বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন অধ্যাপক অম্বিকা বড়ুয়া।



