নিজস্ব প্রতিনিধি, বারাসত: সাইকেলে ধাক্কা ট্রাকের। তাতে মৃত্যু হল এক সাইকেল আরোহীর। মঙ্গলবার ঘটনাটি ঘটে গোবরডাঙার পুরনো পোস্ট অফিস মোড়ে। পুলিস জানিয়েছে, মৃতের নাম বিশ্বজিৎ চক্রবর্তী ওরফে টুটুন (৩৭)। তাঁর বাড়ি গোবরডাঙায়। এদিন বিকেলে সুটিয়ার দিক থেকে একটি ট্রাক আসছিল গোবরডাঙার দিকে। পুরনো পোস্ট অফিস মোড়ের সামনে ট্রাকটির সঙ্গে ধাক্কা লাগে ওই সাইকেলের। তাতে সাইকেল আরোহী বিশ্বজিৎ পড়ে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হন। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নিয়ে আসেন একটি বেসরকারি নার্সিংহোমে। অবস্থার অবনতি হওয়ায় পরবর্তীতে তাঁকে স্থানান্তরিত করা হয় হাবড়া রাজ্য সাধারণ হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।



