Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

গৌড়বঙ্গ জুড়ে উচ্চ মাধ্যমিকের প্রস্তুতি তুঙ্গে

গৌড়বঙ্গ জুড়ে উচ্চ মাধ্যমিকের প্রস্তুতি তুঙ্গে
  • ২ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন করতে গৌড়বঙ্গ জুড়ে প্রস্তুতি তুঙ্গে। অবাধ টোকাটুকি, প্রশ্নফাঁস সহ যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি রুখতে প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে বসানো হচ্ছে সিসি ক্যামেরা। পুলিসের পাশাপাশি থাকছে প্রশাসন ও শিক্ষা দপ্তরের বিশেষ নজরদারি দল। 
Advertisement
মালদহের বিদ্যালয় পরিদর্শক তথা উচ্চ মাধ্যমিক পরীক্ষার আহ্বায়ক বাণীব্রত দাস বলেন, আমরা জিরো টলারেন্সে বিশ্বাসী। সব রকমের প্রস্তুতি নিয়েছি। বিশেষ মনিটরিং টিম করা হয়েছে। 
শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মালদহের ৪৫ টি ভেনুকে স্পর্শকাতর চিহ্নিত করা হয়েছে। টোকাটুকি ও প্রশ্নফাঁস রুখতে কড়া মনোভাব নিচ্ছে প্রশাসন। প্রত্যেকটা স্পর্শকাতর ভেনুতে থাকছে রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর। এ’বছর মালদহ থেকে ৩২ হাজার ৬৫১ জন পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক দিচ্ছে। তাদের মধ্যে ছাত্রী ১৮ হাজার ৫১৩ ও ছাত্র ১৪ হাজার ১৩৮। শিক্ষা দপ্তর জানিয়েছে, গত বছর মালদহ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল ৪২ হাজার ৩২৭ জন। গত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা ৯ হাজার ৬৭৬ জন কম। শনিবার সকাল থেকেই পরীক্ষার সিট নম্বর বসাতে ব্যস্ততা দেখা গিয়েছে বালুরঘাট শহরের বিভিন্ন স্কুলে। দক্ষিণ দিনাজপুর জেলা থেকে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে ৯ হাজার ৪৮ জন পরীক্ষার্থী। তার মধ্যে ছাত্র ৪ হাজার ৩৯ জন এবং ছাত্রী সংখ্যা ৫ হাজার ৯ জন। ভ্যেনু ৪৫ টি। মেন ভ্যেনু রয়েছে ১০ টি। এবছর প্রায় চার হাজার পরীক্ষার্থী কমেছে। দক্ষিণ দিনাজপুর জেলার ডিআই (মাধ্যমিক) দেবাশিস সমাদ্দার বলেন, পরীক্ষা নিয়ে আমরা প্রস্তুত। সোমবার থেকে ১৮ মার্চ পর্যন্ত পরীক্ষা চলবে।
অন্যদিকে, গত বছরের তুলনায় এবার উত্তর দিনাজপুর জেলার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী বেড়েছে ৫ হাজার ৯২৯ জন। উচ্চমাধ্যমিক পরীক্ষার জেলার জয়েন্ট কনভেনার প্রসূন দত্ত বলেন, এবছর জেলা থেকে পরীক্ষায় বসছেন ২৭ হাজার ৭১৩ জন। এর মধ্যে ছাত্র ১০ হাজার ৯৪২ জন। পাশাপাশি ১৬ হাজার ৭৭১ জন ছাত্রী রয়েছেন। মোট পরীক্ষাকেন্দ্র ৮৪ টি।
Advertisement
সম্পর্কিত সংবাদ