• পা দু’টিকে হেঁচড়ে টেনে নিয়ে যাচ্ছেন এক গর্ভবতী মহিলা। বিশেষভাবে সক্ষম তিনি। বাস্তবের মর্মস্পর্শী এই দৃশ্য দেখেই লেখা হয় ‘গৌরী’র গল্প। এবার সেই কাহিনি আসছে বড়পর্দায়। পরিচালক ও লেখক প্রসেনজিৎ হালদার। মুখ্য চরিত্রে রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, চন্দন সেন, আরিয়ান ভৌমিক, প্রিয়াঙ্কা ভট্টাচার্য। এছাড়াও সঞ্জীব সরকার, পিঙ্কি বন্দ্যোপাধ্যায়, স্বাতী মুখোপাধ্যায়, বিমল গিরির মতো অভিনেতাদের কাজ দেখা দেখা যাবে এই ছবিতে। সাম্প্রতিক সময়ে মানুষের পারিবারিক ও সামাজিক জীবনে ঘটে চলা গুরুত্বপূর্ণ বিষয়কে সুনিপুণভাবে তুলে ধরা হয়েছে এই গল্পে। পরিচালকের কথায়, ‘ছোট থেকে রাস্তাঘাটে অনেক অসহায়, দুঃস্থ মানুষকে দেখে ভারাক্রান্ত হয়ে পড়তাম। বিশেষভাবে সক্ষম গর্ভবতী মহিলার নিজেকে ওভাবে টেনে নিয়ে যাওয়ার দৃশ্য দেখে চোখের জল আটকে রাখতে পারিনি। সেখান থেকেই এই ছবিটি করার ভাবনা।’ নাটকীয়তা, প্রেম, রোমাঞ্চের মিশেলে পর্দায় এই গল্পটি বলবেন পরিচালক। সঙ্গীতে রয়েছেন অনুপম রায়, লগ্নজিতা চক্রবর্তী, মেখলা দাশগুপ্ত, সৌরভ দে। সঙ্গীত পরিচালনায় প্রীতম দেব। চলতি বছর আগস্ট মাসে মুক্তি পেতে পারে এই ছবি।



