সংবাদদাতা, নবদ্বীপ: অবশেষে গৌরাঙ্গ সেতু মেরামতির কাজ চলতি সপ্তাহের মধ্যে শুরু হতে চলেছে। সেইজন্য আগামী ১৫ নভেম্বর, শনিবার সন্ধ্যা ৬টা থেকে ৩১ ডিসেম্বর, বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সেতু দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। কোনওদিন আংশিক, আবার কোনওদিন পুরোপুরি যান চলাচল বন্ধ থাকবে। জেলা পূর্তদপ্তর সূত্রে জানা গিয়েছে, গৌরাঙ্গ সেতুর পুরনো ২৮টি বিয়ারিং পরিবর্তন করে নতুন লাগানো হবে। সেগুলি তৈরির কাজ ইতিমধ্যেই শেষ। এবার সেতু সারাইয়ের কাজ।
২০২১ সালের ২০ অক্টোবর সকালে আচমকাই নবদ্বীপে ভাগীরথীর উপরে থাকা গৌরাঙ্গ সেতুর মাঝামাঝি অংশের নীচে বিয়ারিং ভেঙে যায়। ফলে, দু’টি স্ল্যাবের সংযোগস্থলে ফিঙ্গার এক্সপ্যানশন জয়েন্ট প্রায় এক-দেড় ইঞ্চি উপর-নীচ হয়ে যায়। বসে যাওয়া অংশটিকে জ্যাক দিয়ে তুলে নীচের সরে যাওয়া রোলার বিয়ারিংকে ঠিক জায়গায় নিয়ে আসা হয়। গত বছর ৪ অক্টোবর ফের দু’টি স্ল্যাবের সংযোগস্থলে ফিঙ্গার এক্সপ্যানশন জয়েন্টের প্লেট সরে যাওয়ায় বিপত্তি ঘটে। এবার আগামী ১৫ নভেম্বর থেকে স্থায়ীভাবে গৌরাঙ্গ সেতুর মেরামতির কাজ শুরু হবে। পূর্তদপ্তর সূত্রে জানা গিয়েছে, ১৫ নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১৬ নভেম্বর সকাল ৬টা অবধি ১২ঘণ্টা সেতু দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। ১৬ নভেম্বর সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আংশিক বন্ধ থাকবে। ১৬ নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১৭ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে। আবার, ১৭ নভেম্বর সকাল থেকে ২৭ নভেম্বর সন্ধ্যা পর্যন্ত আংশিক বন্ধ থাকবে। ২৭ নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে ২৮ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে। ২৮ নভেম্বর সকাল ৬টা থেকে ৮ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত আংশিক এবং ৮ ডিসেম্বর থেকে সন্ধ্যা ৬ টা থেকে ৯ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত পুরোপুরি বন্ধ থাকবে। ৯ ডিসেম্বর সকাল ৬টা থেকে ১৯ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত আংশিক এবং ১৯ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ২০ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত পুরোপুরি বন্ধ থাকবে। ২০ ডিসেম্বর সকাল ৬টা থেকে ৩০ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত আংশিক এবং ৩০ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ৩১ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত পুরোপুরি বন্ধ থাকবে।