নয়াদিল্লি: দিল্লি পুলিশ ও উত্তরপ্রদেশ এসটিএফের যৌথ অভিযানে খতম আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের একসময়ের ঘনিষ্ঠ সহযোগী গ্যাংস্টার নাসিম দুরানি। শুক্রবার লখনউয়ে এসটিএফের এডিজি অমিতাভ যশ জানান, দাউদের ডি কোম্পানির অন্যতম সদস্য ছিল দুরানি। ছোটা শাকিলের কথায় পাক-কানাডিয়ান সাংবাদিক তারেক ফাতাহকে খুন থেকে তিহার জেলে বন্দি গ্যাংস্টার ছোটা রাজনকে খুনের বরাত—অজস্র অভিযোগ রয়েছে দুরানির নামে। গাজিয়াবাদের লোনি থানার অধীনে এক খুনের মামলায় পুলিশ তাকে খুঁজছিল। বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে যৌথ টিম উত্তরপ্রদেশের বুলন্দশহরের সিকান্দ্রা এলাকায় অভিযান চালায়। ঘটনাস্থল থেকে স্কুটারে চেপে পালানোর চেষ্টা করে দুরানি। পুলিশকে লক্ষ্য করে সে গুলিও চালায়। পালটা গুলিতে মৃত্যু হয় এই গ্যাংস্টারের।
তার মৃত্যু ডি কোম্পানি তথা অপরাধ জগতের কাছে বড়ো ধাক্কা বলে দাবি পুলিশের। দুরানির কোন কোন সহযোগী এলাকায় সক্রিয় রয়েছে, সে ব্যাপারে খোঁজ চালানো হচ্ছে।



