Bartaman Logo
১২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

গণেশ পুজো: বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, ছেলেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত মা

গণেশ পুজোকে কেন্দ্র করে কাঁচরাপাড়ায় বিজেপির আদি ও নব্যদের মধ্যে মারপিটের অভিযোগ উঠল। অঙ্কিত সাউ নামে এক আদি বিজেপি কর্মীকে ব্লেড দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ

গণেশ পুজো: বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, ছেলেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত মা
  • ১২ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: গণেশ পুজোকে কেন্দ্র করে কাঁচরাপাড়ায় বিজেপির আদি ও নব্যদের মধ্যে মারপিটের অভিযোগ উঠল। অঙ্কিত সাউ নামে এক আদি বিজেপি কর্মীকে ব্লেড দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। কর্মীকে বাঁচাতে গিয়ে তাঁর মা গুরুতর জখম হন। তাঁকে মাটিতে ফেলে মারা হয়। মহিলা কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে ভরতি রয়েছেন। 

Advertisement

গত কয়েক বছর ধরে কাঁচরাপাড়ার ১৮ নম্বর ওয়ার্ডে শিবশক্তি মহাসংঘ গণেশ পুজোর আয়োজন করছে। শিবশক্তি মহাসংঘ একটি সরকারি রেজিস্টার্ড ট্রাস্ট। এই ট্রাস্টের অন্যতম সদস্য হলেন বিজেপির যুব মোর্চার নেতা বিমলেশ তেওয়ারি এবং অঙ্কিত সাউরা। অঙ্কিত সাউয়ের বাড়ির সামনেই এই পুজো হয়। শুক্রবার সকাল থেকে প্যান্ডেল তৈরি শুরু হয়েছিল। অভিযোগ, নব্য বিজেপি সদস্যরা এসে পুজো করতে বাধা দেয়। ট্রাস্টের সদস্য তথা সাংগঠনিক জেলার যুব মোর্চার সভাপতি অঙ্কিত সাউয়ের উপর চড়াও হয়। তাঁকে ব্লেড দিয়ে আঘাত করে। তখন অঙ্কিতের মা ববিতা সাউ ছেলেকে বাঁচানোর জন্য এগিয়ে যান। তাঁকেও মাটিতে ফেলে লাথি, ঘুসি মারা হয় বলে অভিযোগ। এমনকি লোহার রড দিয়ে মারার ফলে তিনি মুখে আঘাত পান। তাঁর দাঁত ভেঙে যায়। ঘটনার প্রতিবাদ জানিয়েছেন বিজেপির যুব নেতা বিমলেশ তেওয়ারি। তিনি বলেন, ৪ মে’র পরে যাঁরা বিজেপিতে যোগ দিয়েছিলেন, তাঁরা এদিন গোলমাল করেছে। দীর্ঘদিন ধরে করা গণেশ পুজো করতে বাধা দিলেন। অঙ্কিত সংঘ করা ছেলে, পুরানো বিজেপি কর্মী। তাঁকে ফেলে পেটানো হল। ব্লেড চালানো হল। এমনকি তার মাকেও ছাড়া হল না। এর চেয়ে লজ্জার কি আছে? এদিকে, এদিন হালিশহর বাগ মোড়ে অটোচালকদের মধ্যে মারামারি হয়। অটোচালক গুরুতর জখম হন। এখানেও অভিযোগ উঠেছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। সর্বত্র প্রকট হয়ে পড়ছে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব।

Advertisement
সম্পর্কিত সংবাদ