Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

৮ ঘণ্টায় ২৮ রোগীর শরীরে স্টেন্ট বসিয়ে নজির গান্ধী মেমোরিয়াল হাসপাতালের

স্বাধীনতা দিবসের দিন নজির তৈরি করল কল্যাণীর গান্ধী মেমোরিয়াল হাসপাতাল। একদিনে ২৮ রোগীর হার্টে চিকিৎসকরা স্টেন্ট বসালেন।

৮ ঘণ্টায় ২৮ রোগীর শরীরে স্টেন্ট বসিয়ে নজির গান্ধী মেমোরিয়াল হাসপাতালের
  • ১৭ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কল্যাণী: স্বাধীনতা দিবসের দিন নজির তৈরি করল কল্যাণীর গান্ধী মেমোরিয়াল হাসপাতাল। একদিনে ২৮ রোগীর হার্টে চিকিৎসকরা স্টেন্ট বসালেন। আট ঘণ্টার কম সময়ে এই কাজ হয়েছে এবং এই উদাহরণ গোটা দেশে খুব কমই আছে বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। অস্ত্রোপচারের পর সমস্ত রোগী সুস্থ আছেন। শনিবার অনেকের ছুটি হয়ে গিয়েছে। 

Advertisement

জানা গিয়েছে, স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে করা হয়েছে প্রত্যেকের অ্যাঞ্জিওপ্ল্যাস্টি। ৫০ থেকে ৬০ বছর বয়সি রোগীর শরীরে স্টেন্ট বসানো হয়। ৩৫ বছর বয়সের রোগীও আছেন। তাঁদের মধ্যে পুরুষ ২৩। মহিলা পাঁচ। কয়েকজনের শরীরে একাধিক স্টেন্ট বসাতে হয়েছে। হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ চন্দন মিশ্রের নেতৃত্বে এই কাজ হয়েছে।
এর আগে এপ্রিল মাসে টানা ন’ঘণ্টায় ১০৯ রোগীর শরীরে অ্যাঞ্জিওগ্রাম বা অ্যাঞ্জিওগ্রাফি হয়েছিল এখানে। সেবারও ডাঃ মিশ্রের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল কাজ করেছিলেন। বিশেষজ্ঞদের দাবি, এ ধরনের সাফল্য শুধু চিকিৎসকদের পারদর্শিতা নয়, হাসপাতালের পরিকাঠামো ও টিমওয়ার্কের প্রমাণ। চিকিৎসক চন্দনবাবু বলেন, ‘প্রতিটি অস্ত্রোপচার অত্যন্ত সতর্কতার সঙ্গে সম্পূর্ণ করতে হয়েছে। এর কৃতিত্ব কারও একার নয়, গোটা মেডিক্যাল টিমের।’ 
সাধারণত ধমনিতে প্লাক জমে ব্লকেজ বা রক্ত চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হলে হার্ট অ্যাটাকের আশঙ্কা বেড়ে যায়। রোগীকে সুস্থ রাখতে বা কখনও কখনও তার জীবন বাঁচাতে স্টেন্টিং করতে হয়। সেই পদ্ধতির নাম অ্যাঞ্জিওপ্ল্যাস্টি। নিখরচায় প্রিয়জনের সফল অস্ত্রোপচার হওয়ায় খুশি রোগী ও পরিবারের লোকজন।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ