Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

একদিনে ১০৯ রোগীর এনজিওগ্রাম নজির কল্যাণীর গান্ধী হাসপাতালের

হৃদরোগের হাসপাতাল গান্ধী মেমোরিয়াল বিশ্বে নজির স্থাপন করেছে।

একদিনে ১০৯ রোগীর এনজিওগ্রাম নজির কল্যাণীর গান্ধী হাসপাতালের
  • ২০ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কল্যাণী: হৃদরোগের হাসপাতাল গান্ধী মেমোরিয়াল বিশ্বে নজির স্থাপন করেছে। কর্তৃপক্ষের দাবি, প্রায় ৯ ঘণ্টায় ১০৯ রোগীর এনজিওগ্রাম সফলভাবে করা হয়েছে। তাঁদের মধ্যে ৯৫ জন পুরুষ ও ১৪ জন মহিলা। শুক্রবার সকাল সাড়ে দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত পরপর হয় অস্ত্রোপচার। হাসপাতাল জানিয়েছে, ডাঃ চন্দন মিশ্রের তত্ত্বাবধানে পাঁচ সদস্যের চিকিৎসক দল, দু’জন টেকনিশিয়ান ও নার্সিং স্টাফ ও অন্যান্য কর্মীরা এই সাফল্যের অংশীদার। বিনা ব্যয়ে দ্রুত চিকিৎসা পেয়ে খুশি রোগী এবং পরিজনরা।

Advertisement

জানা গিয়েছে, গান্ধী মেমোরিয়াল রাজ্যের একমাত্র সরকারি হৃদরোগের হাসপাতাল। যেখানে শুধুমাত্র হার্টের চিকিৎসাই হয়। নদীয়া, মুর্শিদাবাদ, হুগলি, উত্তর ২৪ পরগনা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে চিকিৎসা করাতে রোগীরা আসেন। কর্তৃপক্ষের দাবি, কয়েকদিন ধরেই ভিড় বাড়ছিল এনজিওগ্রাম করাতে আসা রোগীদের। তারপর ডাঃ মিশ্রের নেতৃত্বে হাসপাতাল কর্তৃপক্ষ একদিনে একাধিক এনজিওগ্রাম করার ‘স্পেশাল ড্রাইভ’ দেওয়ার সিদ্ধান্ত নেয়। ডাঃ মিশ্র বলেন, ‘হাসপাতালের সকলের সহযোগিতায় এত বড় উদ্যোগ নেওয়া গিয়েছে। একদিনে একটা হাসপাতালে ১০৯ রোগীর এনজিওগ্রাম গোটা বিশ্বের কাছে নজির। ১০৯ জনই সুস্থ আছেন।’ হাসপাতালের সুপার ডাঃ আশীষ মৈত্র বলেন, ‘কল্যাণী এইমসে প্রত্যন্ত গ্রামের অনেক গরীব মানুষ ভালো চিকিৎসার জন্য এনজিওগ্রাম করাতে যান। কিন্তু সেখানে চিকিৎসা ব্যয়সাপেক্ষ হওয়ায় বহু রোগী আমাদের হাসপাতালে চলে আসেন। ফলে আগের তুলনায় চাপ বেড়েছে। আমরা স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে বিনামূল্যে এনজিওগ্রাম করেছি। মানুষকে পরিষেবা দিতে পেরে খুশি।’

Advertisement
সম্পর্কিত সংবাদ