Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

দত্তপুকুরে অবাধে জুয়া ও সাট্টার আসর, পুলিস সুপারকে নালিশ

দত্তপুকুরে অবাধে জুয়া ও সাট্টার আসর, পুলিস সুপারকে নালিশ
  • ১২ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: এলাকায় দিনের পর দিন চলছে অবৈধ কারবার। বাসিন্দাদের দাবি, বারবার পুলিসকে জানিয়ে মিলেছে শুধুই প্রতিশ্রুতি। হচ্ছে না কাজের কাজ। এবার অবৈধ ব্যবসা ও নেশার আসর বন্ধ করার দাবি জানিয়ে বারাসত পুলিস জেলার সুপারের দপ্তরে লিখিত অভিযোগ জানালেন স্থানীয় মানুষ। ঘটনাটি দত্তপুকুর থানার কদম্বগাছির। 

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দত্তপুকুরের কদম্বগাছি, পূর্ব ইছাপুর, স্টেশন লাগোয়া এলাকা, ধর্মতলা, হেমন্তবসুনগর, হালিশহর সহ বিস্তীর্ণ এলাকায় রয়েছে সাধারণ দোকান। সেখানে বেশ কিছু দোকানের আড়ালে দিনের পর দিন চলছে জুয়া ও সাট্টার আসর। কীভাবে চলছে এই চক্র? স্থানীয়দের কথায়, সন্ধ্যা হলেই দোকানগুলির উজ্বল আলো বন্ধ করে দেওয়া হয়। জ্বলে ওঠে হাল্কা আলো। দোকানে ঝুলিয়ে দেওয়া হয় মোটা পর্দা। তার আড়ালেই চলছে অনলাইন জুয়া ও সাট্টার আসর। অভিযোগ, এক বা দু’দিন নয়, মাসের পর মাস ধরে চলছে এই কারবার। ফলে সর্বস্বান্ত হচ্ছেন দিন আনা দিন খাওয়া মানুষ। এখানেই অবশ্য শেষ নয়, অলিগলিতে ছোটখাটো গুমটি দোকানেও বিক্রি হয় মদ, গাঁজা বা নেশার অন্যান্য সামগ্রী এমনটাও অভিযোগ দীর্ঘদিনের। কয়েকমাস আগে এনিয়ে সরব হয়েছিলেন এলাকার মানুষ। তারপর সাময়িক কারবার বন্ধ হলেও দীর্ঘস্থায়ী হয়নি। এর জেরে এলাকায় মাঝেমধ্যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছে বলেই মনে করছেন গ্রামবাসীরা। তাই আসর বন্ধ হোক এমনটাই চাইছেন এলাকার মানুষ। এনিয়ে গণস্বাক্ষর জমাও পড়েছে বারাসত পুলিস সুপারের দপ্তরে। স্থানীয় বাসিন্দা তারক বিশ্বাস বলেন, দীর্ঘদিন ধরে চলছে এই কারবার। দিনের তুলনায় রাতে রমরমা বেশি হয়। কাদের মদতে সেটা চলে সবাই জানে। এর ফলে একশ্রেণির মানুষ বড়লোক হচ্ছে, আর সাধারণ মানুষ সর্বস্বান্ত হচ্ছেন। আমরা এর বিহিত চেয়ে পুলিস সুপারের কাছে লিখিত অভিযোগ করেছি। জানি না আদৌ কাজ হবে কি না। তবে, দত্তপুকুর থানার পক্ষ থেকে এনিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ