Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬

বিলম্বে বীতশ্রদ্ধ গাদকারি, থাকবেন না মুম্বই-গোয়া হাইওয়ের উদ্বোধনে

কোথাও উদ্বোধন হওয়ার আগেই রাস্তায় ধস। কোথাও আবার উদ্বোধনের পরই বিশাল ফাটল। দানব গর্তে গাড়ি পড়ে দুর্ঘটনা। দেশজুড়ে অভিযোগের বন্যা। আর এবার মুম্বই-গোয়া হাইওয়ে চওড়া করার কাজে বিলম্ব ঘিরে হতাশ কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গাদকারি।

বিলম্বে বীতশ্রদ্ধ গাদকারি, থাকবেন না মুম্বই-গোয়া হাইওয়ের উদ্বোধনে
  • ১১ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

পানাজি: কোথাও উদ্বোধন হওয়ার আগেই রাস্তায় ধস। কোথাও আবার উদ্বোধনের পরই বিশাল ফাটল। দানব গর্তে গাড়ি পড়ে দুর্ঘটনা। দেশজুড়ে অভিযোগের বন্যা। আর এবার মুম্বই-গোয়া হাইওয়ে চওড়া করার কাজে বিলম্ব ঘিরে হতাশ কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গাদকারি। ১৫ বছর ধরে শম্বুক গতিতে চলা কাজ নিয়ে বীতশ্রদ্ধ মন্ত্রীর ঘোষণা, উদ্বোধনের অনুষ্ঠানে থাকবেন না তিনি। কারণ, এই বিলম্ব ‘লজ্জাজনক বিষয়’। শুধু তাই নয়, দেশজুড়ে অভিযোগের আবহে ঠিকাদার ও সরকারি আধিকারিকদের বিরুদ্ধে রীতিমতো হুমকির সুরও শোনা গিয়েছে কেন্দ্রীয় মন্ত্রীর কণ্ঠে। গাদকারি বলেছেন, ‘এখন আমি এক বছরের মধ্যে সর্বাধিক সংখ্যক ঠিকাদারকে কালো তালিকাভুক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও আধিকারিকদের বরখাস্ত করার রেকর্ড গড়তে চাই। এই পদক্ষেপ আমি এখন বন্ধ করব না।’ 

Advertisement

মুম্বই-গোয়া হাইওয়ে দুই লেন থেকে চওড়া করে চার লেন করার কাজ শুরু হয়েছিল ২০১১ সালে। প্রাথমিক পরিকল্পনা ছিল, ২০১৬ সালের মধ্যে কাজ শেষ করে ফেলা হবে। এর ফলে মুম্বই-গোয়া সড়কযাত্রা ১২ ঘণ্টা থেকে কমে হবে ছ’ঘণ্টা। তবে, বহুবার সময়সীমা বৃদ্ধি সত্ত্বেও সেই কাজ সম্পূর্ণ শেষ হয়নি বলে অভিযোগ। এই অবস্থায় বুধবার পানাজির কাছে পোরভোরিমে পৃথক একটি ছয় লেনের এলিভেটেড রোডের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে হতাশা গোপন করেননি গাদকারি। প্রবীণ এই বিজেপি নেতা আক্ষেপের সুরে বলেন, ‘ইতিমধ্যেই জানিয়ে দিয়েছি, (প্রশস্ত) মুম্বই-গোয়া হাইওয়ে উদ্বোধন করতে আসব না। কাজের এত বিলম্ব দেখে আমি অবাক।’ মন্ত্রী আরও বলেন, ‘অক্টোবরে মুম্বই বিমানবন্দরে নামব। হাইওয়ে ব্যক্তিগতভাবে পরিদর্শনের জন্য সড়কপথে গোয়া যাব। যাতায়াতকারীদের জন্য এই যাত্রাপথ ঠিক কতটা সুবিধাজনক হবে, তা খতিয়ে দেখব।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ