রাখি দেওয়া হেরিটেজ শাড়ি তৈরি করে তাক লাগালেন ফুলিয়ার শিল্পী অভিনব
  • ২৬ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা রানাঘাট: বাংলার হস্তচালিত তাঁত শিল্প যে শুধু ঐতিহ্যের ধারক তা নয়, বরং আধুনিক ফ্যাশন দুনিয়াকে নতুন পথ দেখাতেও সক্ষম। তা ফের প্রমাণ করলেন ফুলিয়ার জাতীয় পুরস্কার প্রাপ্ত তাঁতশিল্পী অভিনব বসাক। প্রথাগত চিন্তাভাবনা বাইরে গিয়ে সম্পূর্ণ নিজস্ব গবেষণা ও কারিগরি দক্ষতায় তিনি তৈরি করেছেন ভারতের প্রথম পরিধানযোগ্য রাখি সংবলিত হেরিটেজ শাড়ি। শাড়ির ভাঁজে ও বুননে এভাবে আস্ত একটি ব্যবহারযোগ্য রাখি তৈরি করার ঘটনা হস্তচালিত তাঁতের ইতিহাসে প্রথম। নকশা তৈরি থেকে শুরু করে সুতোর টানা-পোড়েনেমাত্র পাঁচ দিনের নিবিড় প্রচেষ্টায় কাজটি শেষ করেন তিনি। পরীক্ষামুলকভাবে তৈরি হলেও এই বিশেষ তাঁত রাখি, ইতিমধ্যেই এলাকায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।

Advertisement

সাধারণত বাজারে প্লাস্টিক, কেমিক্যাল বা কৃত্রিম উপকরণের তৈরি রাখি সহজলভ্য হলেও অভিনব বসাকের এই ভাবনায় রয়েছে শতভাগ পরিবেশ বান্ধবের ছোঁয়া। সম্পূর্ণ সুতো দিয়ে তৈরি হচ্ছে এই রাখি। শাড়ির আঁচল বা জমিন তৈরির সময় অতিরিক্ত টানা ও বোনার মাধ্যমে বিশেষ এক ইন্টারলকিং পদ্ধতিতে মূলবুননের সঙ্গে যুক্ত করা হচ্ছে। সবচেয়ে জাদুকরি বিষয় হল, শাড়ির মূল গঠন সুতো এবং বুননের সামান্যতম ক্ষতি না করে অত্যন্ত নিখুঁত ও সূক্ষ্ম কাটিং পদ্ধতিতে শাড়ি থেকে রাখিটি কেটে সম্পূর্ণ আলাদা করা সম্ভব। আলাদা করার পর সেই রাখিটি অনায়াসে কবজিতে বাধা যাচ্ছে অথচ মূল শাড়ির কাপড়ে কোনোরকম সমস্যা হচ্ছে না।
তাঁত শিল্পী অভিনব বসাক জানান,“প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির আত্মনির্ভর ভারত ও বিকশিত ভারতের যে স্বপ্ন সে কথা মাথায় রেখে আমাদের এই প্রচেষ্টা। তাঁত শিল্পে এমন কাজ এর আগে কখনও হয়নি। আগামী দিনে এই কাজের পরিধি আরও বাড়িয়ে এলাকার বহু মহিলা ও পুরুষ তাঁত শিল্পীদের একসঙ্গে যুক্ত করে টাঙ্গাইল ও জামদানির রাখি তৈরির পরিকল্পনা রয়েছে। যাতে এই শিল্প ও শিল্পীরা নতুন আয়ের মুখ দেখতে পারেন। ইতিমধ্যেই এই শাড়ি ভারতের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও ভারত সরকারের বস্ত্র মন্ত্রকের ডেভেলপমেন্ট কমিশনার হ্যান্ডলুমে কিছু ডাকযোগে ও কিছু সরাসরি হাতেপাঠানো হয়েছে”। -নিজস্ব চিত্রa