বলিউডে তাঁদের জুটির ম্যাজিক আজও অমলিন। পর্দায় দু’জনকে একত্রে দেখার জন্য মুখিয়ে থাকেন অনুরাগীরা। শাহরুখ খান ও রানি মুখোপাধ্যায় এখনও ইতিহাস তৈরি করতে পারেন। ‘কুছ কুছ হোতা হ্যায়’ থেকে ‘চলতে চলতে’... শাহরুখ ও রানির জুটি মানেই চমক। সেই নস্টালজিয়াই ফের উস্কে দিলেন দুই তারকা। জুটিতে নাচলেন তাঁরা। সোমবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সেই ভিডিও। ২০২৫ দু’জনের কাছেই স্পেশাল। দীর্ঘদিনের অপূর্ণ স্বপ্ন পূরণ হয়েছে দুই শিল্পীর। হাতে এসেছে জাতীয় পুরস্কার। সেই প্রসঙ্গ উল্লেখ করে শাহরুখ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘জাতীয় পুরস্কার! আমাদের দু’জনের অধরা স্বপ্ন পূরণ হয়েছে। অভিনন্দন রানি।’ কেন আচমকা জুটিতে ধরা দিলেন দুই তারকা? সেই জবাবও রয়েছে ভিডিওতে। মুক্তির অপেক্ষায় শাহরুখ পুত্র আরিয়ানের ‘ব্যাডস অব বলিউড’। তার প্রচারের জন্যই সিরিজের গানের তালে পা মেলালেন তাঁরা। ছবির শ্যুটিংয়ে হাতে চোট পেয়েছেন শাহরুখ। ব্যান্ডেজ বাঁধা হাত নিয়েও শাহরুখের নাচের ছন্দে ভাটা পড়েনি। শাহরুখ ও রানিকে এরপর ‘কিং’ ছবিতে একসঙ্গে দেখা যাবে। ইতিমধ্যে ছবির শ্যুটিংও চলছে পুরোদমে। আগামী বছর অক্টোবর মাসে ছবি মুক্তির পরিকল্পনা রয়েছে নির্মাতাদের।



