নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নদীয়ার কালীগঞ্জ বিধানসভা উপ নির্বাচনে প্রার্থীর নাম ঘোষণা করল কংগ্রেস। এই কেন্দ্রে ‘হাত’ চিহ্নে লড়াই করবেন কাবিল উদ্দিন শেখ। এদিকে, শুক্রবার সন্ধ্যায় ফের বৈঠকে বসেছিল বামফ্রন্ট নেতৃত্ব। সূত্রের খবর, সেখান থেকে ঠিক হয়েছে, বামেরা এই আসনটি কংগ্রেসের জন্য ছাড়বে। তারপরই রাতে প্রার্থীর নাম ঘোষণা করে কংগ্রেস। সূত্রের খবর, কালীগঞ্জে প্রার্থী দেওয়া নিয়ে বুধবার বামফ্রন্টের বৈঠকে মতানৈক্য দেখা গিয়েছিল। সিপিএম আগেই এই আসনে লড়াই করার ইচ্ছা প্রকাশ করেছিল। বুধবারের বৈঠকে বামফ্রন্টের অন্যান্য শরিক দল যুক্তি দেয়, কংগ্রেসের সঙ্গে জোট না হলে এই আসন আরএসপির পাওয়ার কথা। কারণ, অতীতে এই আসনে আরএসপি প্রার্থী দিয়ে এসেছে। সেদিনের বৈঠক থেকে কোনও সমাধানসূত্র বেরিয়ে আসেনি। তাই শুক্রবার ফের বসেছিলেন তাঁরা। জানা গিয়েছে, এদিন বৈঠকে আরএসপি জানিয়েছে, বৃহত্তর জোটের স্বার্থে এই সিদ্ধান্তে তারা রাজি হয়েছে। কিন্তু ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে এই সিদ্ধান্ত বিবেচিত হবে না।



