সিঙ্গাম, পাওয়ার প্লে থেকে ময়ূর পেখম! বাজার মাত করছে হরেকরকম বাজি
  • ৩ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সঞ্জিত সেনগুপ্ত, শিলিগুড়ি: নিত্যপ্রয়োজনীয় জিনিসের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে বাজির দামও। গতবছরের তুলনায় এবার আতশবাজির দাম গড়ে প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। কিন্তু, দাম বাড়লেও শিলিগুড়ির বাজির বাজারে ক্রেতাদের উৎসাহে ভাটা পড়েনি। রবিবার থেকে কাওয়াখালির মাঠে শুরু হওয়া বাজি বাজারে সোমবার দ্বিতীয় দিন থেকেই ক্রেতাদের ভিড় বাড়তে শুরু করেছে। এবার বাজারে মোট ৮৬টি স্টল বসেছে। 

Advertisement

দ্রব্যমূল্য বৃদ্ধির কথা মাথায় রেখে ক্রেতাদের আকৃষ্ট করতে বাজির প্রচলিত ধরনেও এসেছে নানা নতুনত্ব। পুরনো বাজির আধুনিক রূপের পাশাপাশি নাম ও মডেলেও রয়েছে চমক। কচিকাঁচা থেকে বড়োদের আকর্ষণ করতে বাজারে এসেছে ক্রিস্টাল, সিঙ্গাম, পাওয়ার প্লে, কুলফি, ময়ূর পেখমের মতো নানা ধরনের বাজি। 
এবারের অন্যতম আকর্ষণ ‘কুলফি’ ও ‘ক্রিস্টাল’ বাজি। চড়কির মতো ঘুরতে ঘুরতে উপরের দিকে উঠবে ‘ক্রিস্টাল’ বাজি। রয়েছে ক্রিকেটের পাওয়ার প্লে’র ভাবনা থেকে তৈরি ‘পাওয়ার প্লে বাজি’। তাতে রয়েছে বিরাট কোহলির ছবিও। অন্যদিকে, ময়ূর পেখমের মতো চারদিকে রঙিন আলোর ফুলকি ছড়িয়ে দেওয়ার জন্য বিশেষ আকর্ষণ তৈরি করেছে ‘ময়ূর পেখম’। এর দাম ২৫০ টাকা পিস। কুলফির আদলে তুবড়ির মতো বাজিও নজর টানছে। হাতে ধরেই ফাটানো যাবে এই বাজি। মূলত শিশুদের আকর্ষণ করতেই এমন ভাবনা। তিনটির প্যাকেট কুলফির দাম ৭৫০ টাকা। পাশাপাশি রয়েছে সিঙ্গাম। ১৪০০ টাকার তিনটির প্যাকেট পাওয়া যাচ্ছে। এই ভাবে তুবড়ির ক্ষেত্রে এসেছে নতুনত্ব। 
বিক্রেতাদের দাবি, দূষণ কমানোর কথা মাথায় রেখে নতুন ধরনের তুবড়ি তৈরি করা হচ্ছে, যাতে সাত রঙের আলোর ঝলক দেখা যাবে। সব মিলিয়ে বাজির বিবর্তনই এবার বাজারের অন্যতম আকর্ষণ। 
বাজি বিক্রেতা অবিনাশ কুমারের বক্তব্য, দাম প্রায় ৩০ শতাংশ বাড়লেও নতুন নতুন ধরনের বাজির প্রতি ক্রেতাদের আগ্রহ বাড়ছে। প্রথম দু’দিনেই তার ইঙ্গিত মিলেছে। ব্যবসায়ী প্রদীপ দাসের মতে, দাম বৃদ্ধির কারণে ক্রেতাদের আকর্ষণ ধরে রাখতে প্রস্তুতকারকরা নতুনত্বের দিকে বেশি নজর দিয়েছেন। আর এক বাজি বিক্রেতা সৌম্যদীপ দাসও জানান, বাজির দাম বেড়েছে ঠিকই, তবে নতুন ধরনের বাজি ক্রেতাদের নজর কাড়ছে। 
আগামী ক’দিনে বিক্রি আরও বাড়বে বলে আশাবাদী ব্যবসায়ীরা। সব মিলিয়ে দামবৃদ্ধির চাপ সামলেও নতুন চমকের হাত ধরে জমে উঠতে শুরু করেছে শিলিগুড়ির বাজির বাজার। • কুলফি বাজি। - নিজস্ব চিত্র।