নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ৬৫ এ, পাথুরিয়াঘাটা স্ট্রিটের চারতলা বিল্ডিংটির একতলায় রয়েছে মন্দির। উপরের তলগুলিতে অনেক ঘর। সেখানে রয়েছে বিভিন্ন দোকান। রবিবার গভীর রাতে সেই বিল্ডিংয়ের চারতলার একটি ঘরে আগুন লাগে। কাপড়ের গুদাম হিসেবে ব্যবহৃত হচ্ছিল ঘরটি। আগুন ও ধোঁয়ায় দমবন্ধ হয়ে মারা যান দুই মাঝবয়সি ব্যক্তি। অভিযোগ, এতবড় একটি ভবনে কোথাও কোনও অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না। বাণিজ্যিকভাবে ব্যবহৃত একটি ভবনে আগুন নেভানোর কোনও ব্যবস্থা না থাকায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে। সামনে এসেছে অনিয়মের আরও এক তথ্য। জানা গিয়েছে, কলকাতা পুরসভার খাতায় এই বিল্ডিং এখনও বাণিজ্যিক ভবন হিসেবে নথিভুক্তই হয়নি। সেটি একটি ধর্মশালা হিসেবে দেখানো হয়েছে। ধর্মশালাকে কীভাবে রাতারাতি বাণিজ্যিক উদ্দেশে কাজে লাগানো হচ্ছে, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মেয়র ফিরহাদ হাকিম। সোমবার সকালে ঘটনাস্থলে গিয়েছিলেন তিনি।



